শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:০২ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

আরও পড়ুন: গোয়েন্দা ব্যর্থতায় মাঠে নেমেছে তৃতীয়পক্ষ

নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪। ফলে বড় ব্যবধানে জয় পান বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার (২ নভেম্বর) তাঁকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে এ বিষয়ে গেজেটও প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এরপর ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। সেই উপনির্বাচনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এলিজা জামান।