৫ ধাপে ৪,৩০০ ইউপি নির্বাচন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মোট পাঁচ ধাপে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা শেষ এ তথ্য জানান ইসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
তিনি জানান, নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের ১৩১ উপজেলায় ১ হাজার ২৬ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও জানিয়েছেন, দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলার ১ হাজার ১১৩, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ২, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬ ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। ইসি সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।
আরও পড়ুন: প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউপিতে ভোট, পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা
এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিংবা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
আরও পড়ুন: প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা ইসির
এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইনশৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।
নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন বিদ্যমান আইন অনুযায়ী হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন বিদ্যমান যে আইন থাকবে, সেটা অনুযায়ী নির্বাচন হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি সানাউল্লাহ আরও জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন।
ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি কমিশন সভায় আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি আসেনি: স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে বা এ ধরনের কোনো দাবি আমাদের কাছে এসেছে। জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছিল এবং আমরা যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ডেপ্লয় করব।
তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বিবেচনা করা হবে। স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা:জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর সমস্যা নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে। গত চারপাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে বলে জানান সানাউল্লাহ। তবে এতে এনআইডির কোনো সেবা বন্ধ নেই বলে দাবি করেন তিনি।
সানাউল্লাহ বলেন, এনআইডি কার্ড প্রিন্ট তো বন্ধ নাই, স্মার্ট কার্ড প্রিন্ট বন্ধ নাই। স্মার্ট কার্ডের ওখানে আমাদের গত চার-পাঁচ দিন ধরে একটা সফটওয়্যার সমস্যা করছে, সেটারই স্বরূপ নিরূপণ করা হচ্ছে। তিনি বলেন, সফটওয়্যারের সমস্যা সমাধানে কাজ চলছে। যেকোনো সময় এটি ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কারও এনআইডি অনুমোদিত হলে তিনি ওয়েবসাইট থেকে নিজেই প্রিন্ট করে ল্যামিনেট করে ব্যবহার করতে পারবেন।
এনআইডিসেবা নিয়ে কর্মশালা আয়োজনের বিষয়ে সানাউল্লাহ বলেন, এনআইডিসেবাকে আরও সহজ ও জনবান্ধব করা এবং সেবার ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাইরের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য। ইভিএম নিষ্পত্তি শুরু গাজীপুর থেকে:আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা করেছে কমিশন।
সানাউল্লাহ বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে সংরক্ষিত ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এ কার্যক্রম গাজীপুর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। কারণ, সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।
ইভিএম নিষ্পত্তির ক্ষেত্রে একাধিক পদ্ধতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা কমিটির সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন এবং দুর্নীতি দমন কমিশনেরও সংশ্লিষ্টতা রয়েছে। এসব বিষয় নিষ্পত্তির বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।





