কুবিতে রাজনীতির সামনের দরজা বন্ধ, খোলা পেছনের দরজা

Shahrier Islam Pallab
মোঃ ইহসানুল হক সাকিব, কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্যাম্পাসের কোনো দেয়ালে নতুন পোস্টার, কোথাও রাজনৈতিক কর্মসূচির প্রচার, আবার কখনো মিছিল-সমাবেশ। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসব দৃশ্য এখন আর খুব একটা অপরিচিত নয়। অথচ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। সর্বশেষ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শাখা ছাত্রদলের পোস্টারিং ঘিরে আবারও সামনে এসেছে সেই বৈপরীত্য। পোস্টার লাগানো নিয়ে শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসের সৌন্দর্য নষ্টের অভিযোগ তুললেও, ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সামনের দরজা বন্ধ—সিন্ডিকেটের সিদ্ধান্তে নিষেধাজ্ঞা, আইনে বিধিনিষেধ! কিন্তু পেছনের দরজা যেন খোলাই রয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেই মিছিল, সদস্য সংগ্রহ, সংবাদ সম্মেলন, কর্মশালা ও নানা সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন। প্রকাশ্য-অপ্রকাশ্য তৎপরতায় ক্যাম্পাসে ফিরেছে রাজনীতি; প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞা তাহলে কেবল কাগজেই?

আরও পড়ুন: জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০০৭ সালের প্রথম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে ২০২৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত ১০০তম (জরুরি) সিন্ডিকেট সভায়ও একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের অঙ্গ, সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন প্রকাশ্যে কিংবা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ৪৩(ঘ) ধারা অনুযায়ী, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। এ বিধান লঙ্ঘন করলে শৃঙ্খলাভঙ্গের দায়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে এসব বিধান ও সিন্ডিকেটের সিদ্ধান্তের পরও ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কার্যক্রম থেমে নেই। বিভিন্ন সময়ে মিছিল, মানববন্ধন, সংবাদ সম্মেলন, সদস্য সংগ্রহ ও অন্যান্য সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সংগঠনগুলো। এতে নিষেধাজ্ঞার বাস্তবায়ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুন: ইবিতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি: প্রচারণার অভাব ও অভিযোগে অনীহা!

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় ক্যাম্পাসে প্রভাব বিস্তার করেছিল ছাত্রলীগ। নিয়োগ বাণিজ্য, টেন্ডার, শিক্ষার্থী নির্যাতন, হল দখল ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল সংগঠনটির বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাস থেকে আত্মগোপনে চলে যান কুবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকে।

এরপর ক্যাম্পাসে দৃশ্যমানভাবে সক্রিয় হয়ে ওঠে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন। কুবি শাখা ছাত্রদলের কমিটি আগে থেকেই প্রকাশ্যে থাকলেও ৫ আগস্টের পর প্রথমবারের মতো ছাত্রশিবিরের কমিটি প্রকাশ্যে আসে। এরপর থেকে উভয় সংগঠনই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দিতে থাকে।

গত ১৯ জুন ছাত্রদলের কুবি শাখার সর্বশেষ ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্যসচিব করা হয়।

মোস্তাফিজুর রহমান শুভ ও মো. আবুল বাশারের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তাদের নেতৃত্বে ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বশেষ সোমবার (৮ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির কর্মশালাও আয়োজন করে সংগঠনটি। এর আগে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বন্ধের দাবিতে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের দপ্তরে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে ছাত্রদলের বিরুদ্ধে।

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের কুবি শাখায় নেতৃত্বের পরিবর্তন হয়েছে চারবার। সর্বশেষ চলতি বছরের ৫ জানুয়ারি নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবিরকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলামকে সেক্রেটারি করা হয়। তাদের দুজনেরই ছাত্রত্ব শেষ হয়েছে বলে জানা গেছে। তবে কমিটির অন্য সদস্যদের নাম প্রকাশ করেনি সংগঠনটি।

ছাত্রদলের মতো প্রকাশ্য কর্মসূচিতে তুলনামূলক কম দেখা গেলেও ক্যাম্পাসে শিবিরের সাংগঠনিক তৎপরতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন, ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক, নবীনবরণ, ইফতার সামগ্রী বিতরণ এবং ‘রান উইথ সিওইউ’সহ বিভিন্ন কর্মসূচিতে সংগঠনটির সম্পৃক্ততা দেখা গেছে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রআন্দোলনের কার্যক্রমও ক্যাম্পাসে দেখা যাচ্ছে। বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তারাও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে।

ফলে একদিকে কাগজে-কলমে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে বিভিন্ন সংগঠনের প্রকাশ্য ও অপ্রকাশ্য তৎপরতা—দুইয়ের মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট বৈপরীত্য। শিক্ষার্থীদের প্রশ্ন, যদি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধই থাকে, তাহলে এসব রাজনৈতিক সংগঠন কীভাবে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে এবং প্রশাসন কেন তা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না?

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "আমরা প্রশাসনের অনুমতি নিয়েই ভার্চুয়াল ক্লাস রুমে প্রোগ্রাম করেছি। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, "আমরা রাজনীতি চালুর জন্য প্রশাসনের জন্য মৌখিকভাবে জানিয়েছি, তবে লিখিত কোনো আবেদন করিনি।"

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকায় ক্যাম্পাসের ভিতরে কোনো কার্যকলাপ করিনা। আমাদের প্রোগ্রাম হয় সবগুলো আমরা বাহিরে করি। সবশেষ আমরা নবীন শিক্ষার্থীদের নবীন বরণ দিয়েছি। সেটাও বিশ্ববিদ্যালয়ের বাহিরে।"

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “আমি চাই, শিক্ষার্থীরা আগে নিজেদের অবস্থান ও চাহিদা সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাক। তারা আসলে কী চায়, সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন। কেউ কেউ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর পক্ষে, আবার কেউ কেউ ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে অবস্থান করছে। যারা ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় তারা আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) চায়। তাই আমরা চাই, শিক্ষার্থীরা আগে নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছাক।”

কোনো ছাত্রসংগঠন ছাত্ররাজনীতি চালুর বিষয়ে আবেদন জানিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো ছাত্রসংগঠন আমার কাছে এ বিষয়ে লিখিত আবেদন জমা দেয়নি।”