টানা চতুর্থ দফায় কমল সোনার দাম
দেশের বাজারে টানা চতুর্থবারের মতো কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ২১০ পোশাক কারখানা বন্ধের চিন্তা মালিকদের, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। একইভাবে স্বর্ণের এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশের বাজারে আরও কমল সোনার দাম
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম একনজরে
সোনার ধরন প্রতি ভরির দাম
২২ ক্যারেট ২,১৯,৮০৮ টাকা
২১ ক্যারেট ২,০৯,৮৯৪ টাকা
১৮ ক্যারেট ১,৮০,২৬৭ টাকা
সনাতন পদ্ধতি ১,৪৭,৩১৬ টাকা





