দীপাবলিতে বলিউড পরিচালকের বাসায় অগ্নিকাণ্ড, যা বললেন তিনি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীপাবলির উৎসবের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউড পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের আবাসনে অগ্নিকাণ্ডের খবর। ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে একটি বহুতল ভবনে আগুন ও ধোঁয়া দেখা যাওয়ার পর দাবি করা হয়, মুম্বাইয়ের ওবেরয় স্কাই হাইটসে অবস্থিত ফারাহ খানের ফ্ল্যাটে আগুন লেগেছে। তবে এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন এই নির্মাতা। একই সঙ্গে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্ত ও অনুসারীদের মধ্যে। তবে ভিডিওর সত্যতা যাচাই না করেই কয়েকটি অনলাইন পোর্টাল ফারাহ খানের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করে।

আরও পড়ুন: সাদিয়া আয়মানের বয়স কত?

বিষয়টি নজরে আসার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেন ফারাহ খান। পাশাপাশি সংবাদমাধ্যমগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘অনলাইন পোর্টালগুলোর কাছে অনুরোধ, দয়া করে দায়িত্বশীল ভূমিকা পালন করুন! এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং! ভিউ বা ক্লিকবেইটই সবকিছু হতে পারে না।’

প্রকৃতপক্ষে, মুম্বাইয়ের একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর সঙ্গে ফারাহ খানের আবাসনের কোনো সম্পর্ক নেই। এ ঘটনায় ফারাহ খান কিংবা তাঁর পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হননি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, আবেগাপ্লুত অমি

উল্লেখ্য, সম্প্রতি বলিউডের নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের কাজের ধরন ও দৃষ্টিভঙ্গি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ফারাহ খান। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির অনুষ্ঠান ‘ডাবল ডেট’-এ অংশ নিয়ে বর্তমান সময়ের হিন্দি সিনেমার শিল্পীদের নিয়ে নিজের অসন্তোষের কথা জানান তিনি। তাঁর মতে, বলিউডে সুপারস্টার তৈরির সেই যুগ এখন আর নেই। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমারের মতো তারকাদের সময়েই সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে মনে করেন এই পরিচালক।