সাদিয়া আয়মানের বয়স কত?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
সাদিয়া আয়মান। ছবিঃ সংগৃহীত
সাদিয়া আয়মান। ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া আয়মান। স্বতঃস্ফূর্ত অভিনয়, সাবলীল অভিব্যক্তি ও পর্দায় চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার দক্ষতায় ইতোমধ্যে দর্শকমহলে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। অভিনয়ের বৈচিত্র্য আর নান্দনিক উপস্থিতিতে প্রতিনিয়ত মুগ্ধ করছেন দর্শকদের। কিন্তু বিপাকে পড়েছেন জন্মদিন নিয়ে। 

গুগলে তার নিজের নামে তৈরি প্রোফাইলে জন্মসাল ঘিরে ভুল তথ্য রয়েছে। যে তথ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও কৌতূহল প্রকাশ করেছেন এই নাট্য অভিনেত্রী। কারণ, বয়স নিয়ে তথ্যটি সঠিক নয়।  

আরও পড়ুন: শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, আবেগাপ্লুত অমি

সাদিয়া আয়মান লিখেছেন, বয়সের তথ্য কোনো যাচাই–বাছাই না করেই কেউ গুগলে মনমতো তথ্য জুড়ে দিয়েছেন। এ নিয়ে সাদিয়া মজা করে লিখেছেন, ‘গুগলে আমার নামে, আমার বয়স দিয়ে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে।’ 

জানা যায়, নানা কারণেই এই ভুল তথ্যের জন্য জটিলতা তৈরি হয়। কারণ, এখন প্রয়োজনে অনেকেই গুগল থেকে তথ্য নেয়। এই তথ্য সংশোধন করা জরুরি বলে মনে করেন সাদিয়া। যে কারণে কীভাবে গুগলে থাকা জন্মসালের ভুল তথ্য সংশোধন করা যায়, তা জানতে চেয়েছেন অভিনেত্রী। নিজের বয়স নিয়ে যে তিনি কখনো রাখঢাক করেননি, সেটিও স্পষ্ট করেছেন পোস্টে।

আরও পড়ুন: দীপাবলিতে বলিউড পরিচালকের বাসায় অগ্নিকাণ্ড, যা বললেন তিনি

সাদিয়া লিখেছেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এ বছরের ১৭ মার্চ সত্যি সত্যিই ২৭ বছরে পা দিয়েছি।’ তবে এটাও উল্লেখ করেছেন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তাঁর বয়স এখন ২৬ বছর।

বয়স নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে সাদিয়া আরও লিখেছেন, ‘বয়স একটি সুন্দর ব্যাপার, বয়সকে স্বাভাবিকভাবেই গ্রহণ করতে ভালোবাসেন। তাই জন্মসাল নিয়ে ভুল তথ্য ছড়ানোর বিষয়টি তাঁর কাছে বিব্রতকর।’

উল্লেখ্য যে, ২০১৯ সালে বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাদিয়া আয়মান। একই বছর ইমরাউল রাফাত পরিচালিত ‘টু বি ওয়াইফ’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় তাঁর। শুরুতে পরিবারের কাছ থেকে অভিনয়ে আসার বিষয়ে পুরোপুরি সমর্থন পাননি। তবে ধীরে ধীরে কাজের সুযোগ তৈরি হয়। নিজের একটি জায়গা তৈরি করে নেন। বর্তমানে তিনি নাটকের অভিনেত্রীদের মধ্যে সম্ভাবনার নাম। গত কয়েক মাসে ‘বিষণ্ন মেঘ’, ‘প্রিয় পরিবার’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘হানিমুন’ কাজগুলো দিয়ে প্রশংসিত হয়েছেন।