ইবিতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি: প্রচারণার অভাব ও অভিযোগে অনীহা!
ছবিঃ সংগৃহীত
- বাজেট শূন্যতায় কমিটি
- ভয়ে অভিযোগ দিতে অনীহা
- ব্যক্তিগত তথ্য প্রকাশের আশঙ্কা
- ডিজিটাল বক্স স্থাপনের দাবি
- এক বছরে একটি লিখিত অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যৌন হয়রানি প্রতিরোধে ১০ সদস্যের একটি স্থায়ী কমিটি দায়িত্ব পালন করলেও থমকে আছে নীতিমালার মাঠপর্যায়ের বাস্তবায়ন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ আদালত কর্তৃক গঠিত নীতিমালার আলোকে সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা—২০২৬’ প্রণয়ন করা হয়েছে; যা ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭২তম সভায় অনুমোদিত হয়।
নীতিমালা অনুযায়ী, সংবিধানের আলোকে ধর্ম, বর্ণ, পেশা ও লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং অভ্যাগতদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় বাধ্যবাধকতার আওতাভুক্ত। তবে অভিযোগ গ্রহণ, তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াসহ নীতিমালায় সুস্পষ্ট নির্দেশনা থাকলেও প্রায়োগিক কার্যক্রমে রয়েছে নানা সীমাবদ্ধতা। নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে না পারা, অর্থায়নের সংকট এবং নারী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে অনীহা—সব মিলিয়ে কমিটির কার্যক্রমে তৈরি হয়েছে নানা ধরনের চ্যালেঞ্জ।
নীতিমালা অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ১০ সদস্যবিশিষ্ট একটি গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিদের সমন্বয়ে ২ বছর মেয়াদী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্বরত আছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি এবং সদস্য-সচিব হলেন উপ-রেজিস্ট্রার পদমর্যাদার কর্মকর্তা মুহা. ইব্রাহিম খলিল। নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদমর্যাদার ৫ জন শিক্ষকের মধ্যে বাধ্যতামূলক ৪ জন নারী শিক্ষিকার বাকি ৩ জন হলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার, আল-ফিকহ্ এন্ড 'ল' বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. খোদেজা খাতুন।আরেক শিক্ষক হলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম। এছাড়া পদাধিকারবলে কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। বহিরাগত সদস্য হিসেবে কুষ্টিয়ার ‘মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম এবং ‘প্রত্যয়ী পল্লী উন্নয়ন সংস্থা’র পরিচালক রফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন।
নীতিমালার ২.১ ও ৪ (ক, খ, গ) অনুচ্ছেদে প্রাতিষ্ঠানিক সচেতনতা বৃদ্ধি ও জিরো টলারেন্স পরিবেশ তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। লক্ষ্য হলো—যৌন হয়রানি যে একটি দণ্ডনীয় গুরুতর অপরাধ তা নির্দিষ্ট করা, ক্ষতিগ্রস্তদের মধ্যে নিরাপত্তাবোধ এবং বিচারের প্রতি আস্থা সৃষ্টি করা, প্রতিকারের ব্যবস্থা করা এবং অত্র বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টি করা।
তবে কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে 'বাজেট'। মাঠপর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে সময়মতো প্রয়োজনীয় বাজেট ও নিজস্ব পর্যাপ্ত তহবিল না থাকায় সচেতনতামূলক সভা, সেমিনার বা হলের নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে না। নীতিমালার অনুচ্ছেদ ৪ অনুযায়ী প্রতিষ্ঠানের সকল হল ও হোস্টেলের পাশাপাশি অফিস ও বিভাগে ব্যাপক প্রচারের কথা থাকলেও বাস্তবে রয়েছে প্রচারণার অভাব।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী শিক্ষার্থী জানান, অভিযোগ দিতে গেলে গণমাধ্যমে চলে আসার ভয়ে লিখিত অভিযোগ দেন না। ইভটিজিং হলে সহজে প্রমাণ করা যায় না, যা পরবর্তীতে হয়রানির শিকার হতে হয়। অনলাইনে অভিযোগ দেওয়ার মতো ডিজিটাল বক্স স্থাপন করলে সহজে আবেদন করতে পারবে ছাত্রীরা।
এব্যাপারে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, প্রতি ২ মাস অন্তর সচেতনতামূলক সভা/সেমিনার আয়োজন করার কথা থাকলেও আমরা তা নিয়মিত করতে পারছি না। কারণ হলগুলোতে উদ্যোগ নিতে গেলে প্রশাসন বা হল কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত বাজেট পাওয়া যায় না। ফলে নীতিমালার উদ্দেশ্য পূরণে পরিকল্পনা থাকলেও অনেক সময় তা বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে আমরা বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি এবং চলতি মাসেই জুলাই-৩৬ হলে মেয়েদের নিয়ে একটি সভা করার চিন্তা আছে।
তিনি আরও জানান, সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যানার, লিফলেট, বুকলেট ও বিভিন্ন প্রচারসামগ্রী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ভর্তি কার্যক্রমের সময় নতুন শিক্ষার্থীদের মধ্যে এসব বুকলেট বিতরণ করা হয়।
এদিকে বাজেট স্বল্পতার কারণে কমিটি এবং হলের যৌথ উদ্যোগে সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন ব্যাহত হচ্ছে উল্লেখ করে কমিটির আরেক সদস্য আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ও হল প্রভোস্ট ড. হামিদা খাতুন বলেন, আমাকে অর্থায়নের ব্যাপারে কমিটি থেকে বলা হয়েছে। এক্ষেত্রে পূর্বে এ ধরণের কর্মসূচির স্বল্পতা থাকলেও প্রশাসন থেকে ৫০ শতাংশ বাজেট ফান্ড প্রদান করা হলে হলের পক্ষ থেকে বাকি ৫০ শতাংশ অর্থায়ন করে এসব সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত রাখা সম্ভব হবে।
এব্যাপারে কমিটির সদস্য আইসিটি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, সাবলীলভাবে কমিটির কার্যক্রম পরিচালনা না করার প্রধান অন্তরায় হলো পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাব।
তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম বর্তমানে একটু ধীর গতিতে হলেও আমরা বেশকিছু কাজ করেছি। রাষ্ট্রবিজ্ঞান ও সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহযোগিতায় থিওলজি ভবনের ৪১৭ নম্বর বড় হলরুমে শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে সচেতনতামূলক প্রোগ্রামসহ পর্যায়ক্রমে মেয়েদের হলগুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
নীতিমালার অনুচ্ছেদ ৫.১ অনুযায়ী, ভুক্তভোগী নারী শিক্ষার্থী সরাসরি বা ই-মেইল/রেজিস্টার্ড ডাকযোগে অভিযোগ পাঠাতে পারেন, কিংবা নীতিমালার বিশেষ সুযোগ হিসেবে কমিটির যেকোনো মনোনীত নারী সদস্যের নিকট আলাদাভাবে গোপনীয়তার সাথে অভিযোগ জমা দিতে পারেন।
তবে প্রাতিষ্ঠানিক তদন্তের জন্য নির্ধারিত ‘অভিযোগ ফরম’ ব্যবহার করার বিধান রয়েছে, যা সদস্যসচিব ও উপ-রেজিস্ট্রার ইব্রাহিম খলিলের অফিস থেকে সংগ্রহ করা যায়। নীতিমালার নির্ধারিত এই অফিশিয়াল আবেদন ফরমে অভিযোগকারী ও অভিযুক্তের নাম-ঠিকানা, অভিযোগ, ঘটনার তারিখ ও সময়, অভিযোগ দাখিলের তারিখ ও সময়, অতিবাহিত সময়কাল, ঘটনা ঘটার স্থান , বিস্তারিত বিবরণ, এছাড়াও প্রমাণাদি বা প্রত্যক্ষদর্শীদের নাম ও ঠিকানা দাখিলের সুনির্দিষ্ট ঘর রাখা হয়েছে।
তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে অভিযোগ প্রাপ্তির ৩০ কর্মদিবসের মধ্যে তবে বিশেষ যৌক্তিক কারণে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সুপারিশসহ প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এপর্যায় শেষে কমিটির সুপারিশ অনুযায়ী কর্তৃপক্ষ সর্বোচ্চ ৬০ কার্যদিবসের মধ্যে সকল পর্যায় শেষ করে অপরাধীর শাস্তি সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবে।
এ ব্যাপারে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি জানান, তাঁর দায়িত্ব পালনের প্রায় এক বছরে কমিটির কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। জুন মাসে প্রাপ্ত এ অভিযোগটির ২ মাস তদন্ত শেষে প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয় এবং শাস্তিমূলক সুপারিশ সিন্ডিকেটের এজেন্ডাভুক্ত হয়ে এপ্রুভ করেছেন এবং খুব দ্রুত এ মর্মে চিঠি প্রকাশ করা হবে।
কমিটির কাছে লিখিত অভিযোগ কম আসার পেছনে নারী শিক্ষার্থীদের সামাজিক সংকোচ ও লোকলজ্জাকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে নীতিমালার অনুচ্ছেদ ৫.১ (খ), (গ) এবং ৫.৪ (৩) অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হবে।
কমিটির আহ্বায়ক বলেন, অনেক সময় শিক্ষার্থীরা ফোনে অভিযোগের বিষয়টি জানালেও লিখিত অভিযোগ দিতে বলা হলে আর আগ্রহ দেখান না। তবে ক্যাম্পাসে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।
সদস্য ড. শরিফুল ইসলাম বলেন, সাধারণত ঘটনার সাথে সাথে শিক্ষার্থীরা সাময়িকভাবে ক্ষুব্ধ বা রাগান্বিত হলেও ১৫ দিন বা এক সপ্তাহ পর বিষয়টি মিটমাট হয়ে যাবে ভেবে পরবর্তীতে আর লিখিত অভিযোগ দিতে আগ্রহ দেখান না। ফলে অনেক ঘটনাই আড়ালে থেকে যায়।
অভিযোগকারীর নিরাপত্তার নিশ্চিতের বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক বলেন, আমরা মনে করি না যে অভিযোগকারীর কোনো নিরাপত্তা সংকট হতে পারে, বাদীর পক্ষে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হয় এবং প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাদী, বিবাদী, সাক্ষীসহ সকল বিষয় বিবেচনা করে সঠিক তদন্ত সাপেক্ষে বিচার করা হবে। এছাড়া আমাদের যদি মনে হয় বিষয়টি অভ্যন্তরীণভাবে সমাধান করা যাবে না, তখন আমরা কেসটি পুলিশের কাছে হস্তান্তর করব।পাশাপাশি মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীদের উপযুক্ত শাস্তির সুপারিশ করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে।
অভিযোগ প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল অভিযোগ বক্স স্থাপনের বিষয়ে দাবি জানালে কমিটির আহ্বায়ক জানান, অনলাইন বা অভিযোগ বক্সে পরিচয়হীন অভিযোগ জমা পড়লে তদন্তের স্বার্থে অভিযোগকারী ও সাক্ষীদের শনাক্তকরণ কঠিন হয়ে পড়ে। তাই সরাসরি নাম-পরিচয়সহ লিখিত আবেদনের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে নীতিমালার আলোকে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা যায়।
এদিকে সদস্য ড. হামিদা খাতুন বলেন, শিক্ষার্থীরা সাধারণত জানাজানির ভয়ে অভিযোগ করতে লজ্জা পান, তবে নাম বা পরিচয় গোপন করে অভিযোগ দাখিল করা সম্ভব হলেও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা শাস্তি নিশ্চিত করতে হলে উভয়পক্ষের বক্তব্য শোনা এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সত্যতা প্রমাণ করা বাধ্যতামূলক।
নীতিমালার মানদণ্ড ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ঘাটতি, প্রাতিষ্ঠানিক বাজেটের অপ্রতুলতা এবং শিক্ষার্থীদের সামাজিক সংকোচ প্রতিরোধমূলক কাঠামোর প্রধান বাধা।





