প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউপিতে ভোট, পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ২৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ৫ ধাপে ৪,৩০০ ইউপি নির্বাচন

নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপের ভোটগ্রহণের অন্তত ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা ইসির

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার উদ্যোগ নিয়েছে কমিশন। এ প্রসঙ্গে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগে নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।