ডিসেম্বর মোকাবিলায় নানামুখী প্রস্তুতি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ডিসেম্বর মাসে ভারতে পলাতক শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীসহ সারাদেশে ককটেল হামলা, বাস ও বাড়িতে অগ্নিসংযোগে নাশকতার প্রতিরোধে সরকার ও ক্ষমতাশীল দল ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। নভেম্বর-ডিসেম্বর জুড়ে দেশব্যাপী লাগাতরর কর্মসূচি দিচ্ছে দলটি। সরকারও নাশকতা ঠেকাতে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। 

বিজয়ের মাসজুড়ে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি, মিছিল, সমাবেশ ও সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় উপস্থিতি বজায় রাখতে চায় দলটি। এদিকে, বিজয় দিবসকে কেন্দ্র করে ডিসেম্বর মাসজুড়ে রাজধানীসহ সারা দেশের রাজপথ সাংগঠনিক নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

আরও পড়ুন: ভারত ও আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল সম্ভব নয়: জ্বালানিমন্ত্রী

এ লক্ষ্যে মাসব্যাপী আলোচনা সভা, গণশোভাযাত্রা, সমাবেশ এবং ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নেতা-কর্মীদের সতর্ক অবস্থান নিশ্চিত করার কর্মসূচি প্রণয়ন করছে দলটি। আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দলটির সংসদ সদস্য ও তৃণমূলের নেতা-কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে দলীয় সংসদীয় সভায় তিনি নেতা-কর্মীদের জানান, রাজপথে থেকেই যাবতীয় ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। কর্মসূচির রূপরেখা নির্ধারণে সম্প্রতি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ওই বৈঠকে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই: আইনমন্ত্রী

দলীয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে শিগগিরই এই কর্মসূচির আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশ করা হবে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের সঙ্গী ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকেও মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। 

এর আগে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মাথাচাড়া দিয়ে উঠছে। তবে পরিকল্পিত নাশকতার চেষ্টা চালানো হলে জনগণ তা প্রতিরোধ করবে এবং জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। পরবর্তীতে সংসদের চতুর্থ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি পতিত ফ্যাসিবাদী শক্তির তৎপরতা রুখতে সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, সরকার ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দমনে ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের অবস্থান অনুযায়ী কাজ করবে। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের হলেও রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলায় দায়িত্বশীল দল হিসেবে বিএনপি মাঠে থাকবে এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তিরই এই ক্ষেত্রে ভূমিকা রয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে ঢাকা মহানগরসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে দলটির হাইকমান্ড। শুধু কেন্দ্রীয় কর্মসূচি নয়, স্থানীয় পর্যায়েও সভা, সমাবেশ, মিছিল ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি ধরে রাখার পরিকল্পনা রয়েছে। সর্বশেষ গত ১০ নভেম্বর বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার নির্দেশনা দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে তাঁর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি দলীয় নেতাদের উদ্দেশে বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। তাঁর এই বক্তব্যের পর ডিসেম্বরের কর্মসূচি নিয়ে দলীয় পর্যায়ে তৎপরতা আরও বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। 

বিএনপির সাংগঠনিক পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনায় ডিসেম্বরের বিভিন্ন জাতীয় ও দলীয় দিবসকে কেন্দ্র করে কর্মসূচি সাজানোর বিষয়টি উঠে এসেছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষেও বিশেষ কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে। গত ৯ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ডিসেম্বরের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের নেতারা অংশ নেন। আলোচনায় বিজয় দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা, পাড়া-মহল্লাভিত্তিক প্রচার, মিছিল ও জনসভা আয়োজনের বিষয় গুরুত্ব পায়। তবে কর্মসূচির চূড়ান্ত রূপরেখা দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর ঘোষণা করার কথা রয়েছে। ডিসেম্বরকে ঘিরে বিএনপির প্রস্তুতির অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিএনপির আশঙ্কা, এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সমর্থক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। তবে কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ডে না জড়িয়ে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন দলটির নেতারা। 

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত প্রশাসনের। তবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও তিনি জানিয়েছেন। ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বিএনপি এককভাবে কর্মসূচি পালনের পাশাপাশি অতীতে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে। 

বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলটির নেতাদের ধারণা, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তা মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কোন দল কীভাবে কর্মসূচিতে অংশ নেবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। রাজধানী ঢাকাকে ঘিরে বিএনপির পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। অতীতের রাজনৈতিক আন্দোলনগুলোতে ঢাকার রাজপথের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ডিসেম্বরের কর্মসূচিতে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় দলটি। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনও ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেছেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান বজায় রাখা হবে এবং কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীকেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। বিএনপির জন্য ডিসেম্বর শুধু রাজনৈতিক কর্মসূচির মাস নয়, বরং সাংগঠনিক সক্ষমতা ও সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ সময়। একদিকে দলীয় নেতাকর্মীদের সক্রিয় রাখা, অন্যদিকে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জননিরাপত্তা নিশ্চিত করার মধ্যে ভারসাম্য বজায় রাখা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হবে। রাজনৈতিক কর্মসূচির কারণে যানজট, জনদুর্ভোগ কিংবা সংঘাতের পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনের অধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয়টি সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। 

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে ব্যাপক অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, বিশেষ টহল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মূলত এসবই করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপ-তৎপরতা ঠেকাতে। একইসঙ্গে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষ করে মাদক, অস্ত্র, স্বর্ণ, অবৈধ পণ্য ও মানবপাচার প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানের অভিযোগ রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছেন। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং অবৈধ পণ্য উদ্ধারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিচ্ছিন্ন অভিযান যথেষ্ট নয়; বরং গোয়েন্দা তথ্য বিনিময়, নিয়মিত নজরদারি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং দালালচক্রের তৎপরতা বন্ধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী জনপদে অপরিচিত ব্যক্তিদের চলাচল এবং সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে সংশ্লিষ্ট বাহিনী। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধের ধরন ও অবস্থান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেউদ্দিন আহমেদ জানান, রাজধানীতে নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্কতার দায়িত্ব পালন করছে। প্রতিদিনই নিষিদ্ধ দলের নাশকতাকারীদের গ্রেফতারের অভিযান চলছে। ককটেলসহ অনেককেই হামলার আগেই আটক করা হয়েছে। চোরাগোপ্তা হামলাকারীদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে গ্রেফতারে অভিযান চলছে। নভেম্বর ডিসেম্বর জুড়ে অস্থিতিশীলতা তৈরীর সুযোগ নেই। ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা: ডিসেম্বরকে ঘিরে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করে কোনো ধরনের নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

গতকাল শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। তিনি বলেন, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। 

বিজিবি অধিনায়ক বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ-ইনের চেষ্টা জোরদার করেছিল। নেত্রকোনা সীমান্তেও এমন তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর টহল, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের কারণে সীমান্ত দিয়ে বিএসএফ কোনো পুশ-ইন করতে পারেনি। 

তৌহিদুল বারী বলেন, গত এক বছরে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে।