ধামরাইয়ে চার দিনে চার বাসে অগ্নিসংযোগ

Sadek Ali
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে এবার গভীর রাতে উপজেলা (ভূমি) অফিসের কাছে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

এ নিয়ে টানা ৪ রাতে ৪টি  বাসে আগুন দিয়েছে  দুর্বৃত্তরা। 

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ি এলাকায় আঞ্চলিক মহাসড়কে উপজেলা ভূমি অফিসের কাছে হামজা পরিবহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাতে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ীর সবসিট পুড়ে গেছে।

হামজা পরিবহনের মালিক মোঃ লালন মিয়া বলেন, আমি কোন রাজনীতি করি না। ৫/৬ বছর ধরে  পরিবহনের ব্যবসা করি। গার্মেন্টস কর্মীদের আনা নেয়ার ও যাতায়াতের জন্য কাজ করি। আমার গাড়ী কি দোষ করলো। 

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

এর আগে  শনিবার (৭ নভেম্বর) রাত গভীর রাতে  মধ্যে ধামরাই-ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। রাতেই সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলে ও বাসের সব সিট পুড়ে গেছে। 

এর পূর্বে শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা বাসেও অগ্নিসংযোগ করা হয়। 

অপরদিকে বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসষ্ট্যান্ডের পূর্বপাশে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার রাতে পুড়ে যাওয়া বাসটির মালিক ধামরাই ইউনিয়নের শরীফবাগ গ্রামের লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিন এখানে বাসটি রাখা হয়। শনিবার ভোররাতে দুর্বৃত্তরা আমার বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কোনো রাজনীতি করি না এর পরও কেন আমার গাড়ি পুড়িয়ে দিল? আমি এর বিচার চাই।

শুক্রবার  রাতে পুড়ে যাওয়া পল্লী সেবা পরিবহনের মালিক সূতিপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আগুনে বাসের সিট গুলো পুড়ে গেছে। এ বাস দিয়ে পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো।

ধামরাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) নাজমুল হুদা খান  বলেন, বাসের অগ্নিসংযোগের ঘটনা গুলো তদন্ত করা হচ্ছে।