নলেজ হাবের প্রতিবেদন

খেলাপি ঋণ ৩২.৭৮ শতাংশ, ৯০ শতাংশ আদায় নিয়ে অনিশ্চয়তা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ব্যাংক খাতের আর্থিক পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে। বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। জুন ২০২৬ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। একই সঙ্গে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় মূলধন ও প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতিতে রয়েছে ব্যাংকগুলো।

গতকাল শনিবার রাজধানীর শ্যামলীতে নলেজ হাব ইনস্টিটিউট প্রকাশিত ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাংক খাতের খেলাপি ঋণের বড় অংশই এখন সন্দেহজনক ও মন্দ ঋণের শ্রেণিতে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। খেলাপি ঋণের ৮০ থেকে ৯০ শতাংশই এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণের বর্তমান পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। মোট বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশই আদায় হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি। ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধনও অনেক ব্যাংকের নেই। তিনি বলেন, আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অপারেশনাল অনিয়ম এবং অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যাংকের পাশাপাশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন: সাইবার ঝুঁকির আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

তার মতে, ইচ্ছাকৃত ঋণখেলাপি ব্যাংক খাতের সংকটের অন্যতম বড় কারণ। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্টদের কাছেও স্বীকৃত। কিন্তু ঋণ অনিয়মের দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ভালো ব্যবসায়ী এবং সুশৃঙ্খল ব্যাংকগুলোকে। আহসান হাবিব আরও বলেন, ঋণ বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, এমন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরাও এসব অনিয়মের পরিণতি ভোগ করছেন। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। এমনকি ভালো ব্যাংকগুলোকেও দুর্বল ব্যাংকের সংকটের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। ব্যাংকনির্ভর অর্থনীতিতে এ পরিস্থিতির প্রভাব পুরো অর্থনীতির ওপর পড়ছে। ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে বড় ব্যবধান দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এ হার ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। তবে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলো। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৯ শতাংশে। একই সময়ে এসব ব্যাংকের আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। তাদের ঋণ-আমানত অনুপাত দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে। এদিকে আদালতের স্থগিতাদেশের কারণেও ব্যাংকগুলোর বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা আটকে আছে। ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও বেসরকারি খাতে ঋণ বিতরণের গতি কমছে। আগস্টে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। বিপরীতে একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

প্রতিবেদনের অন্যান্য অর্থনৈতিক সূচকে দেখা যায়, সেপ্টেম্বরে দেশের মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এ সময় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়। ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিকভাবে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত সংকট এতে আড়াল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির বিভিন্ন সূচকেও ব্যাংক খাতের দুর্বলতা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ। অথচ এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মোট ঋণের মধ্যে নারী উদ্যোক্তাদের অংশ মাত্র ৭ দশমিক ২৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ। গ্রামীণ অর্থনীতিতেও ঋণ বিতরণ ও আমানতের মধ্যে বড় বৈষম্য রয়েছে। গ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল। বর্তমান সংকট থেকে উত্তরণে প্রতিবেদনে কয়েকটি নীতিগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা সম্পন্ন করার কথা বলা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চের মধ্যে প্রতিটি ব্যাংকের জন্য মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে। ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতিতে স্বচ্ছতা আনতে নগদ অর্থ আদায়, মূলধনের অবস্থা এবং গ্রাহকসেবার মানসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশের ওপরও গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে রাষ্ট্রায়ত্ত সোনালী, রুপালি ও জনতা ব্যাংকের এমডি অপসারণ

প্রতিবেদনে ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া বাস্তবে সম্পন্ন হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নলেজ হাবের প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।