রমজান শুরু হতে আর কত দিন বাকি, জানা গেল সম্ভাব্য তারিখ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসের অপেক্ষায় থাকা মুসলিমদের জন্য এসেছে নতুন খবর। বাংলাদেশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি। পরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বুধবার থেকে নতুন মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর শুরু হবে সপ্তম মাস রজব। এরপর আসবে অষ্টম মাস শাবান। এই দুই মাস অতিবাহিত হলেই শুরু হবে মুসলিম উম্মাহর পবিত্র ও বহুল প্রতীক্ষিত রমজান মাস।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন সোমবার থেকে শুরু হবে প্রথম রোজা।

আরও পড়ুন: রমজান ও ঈদুল ফিতর কবে, সম্ভাব্য সময় জানাল আরব আমিরাত

তবে এটি রমজান শুরুর সম্ভাব্য তারিখ। চাঁদ দেখার ওপর নির্ভর করেই পবিত্র রমজান মাসের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। এ বিষয়ে যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।