জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ কথা বলে না: রাশেদ খান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৮ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াত-শিবিরের অনলাইন গালিগালাজ ও অসম্মানজনক আচরণের ভয়ে অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তবে অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা করা হলেও তাঁর মতো কয়েকজন জামায়াত-শিবিরের কথিত মিথ্যা বয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন রাশেদ খাঁন

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের প্রকৃত রাজনৈতিক অবস্থান সম্পর্কে সচেতন মানুষের ধারণা স্পষ্ট হয়েছে। তাঁর দাবি, দলটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের আচরণে একই ধরনের প্রবণতা দেখা যায়। তারা যুক্তি ও তথ্য দিয়ে সমালোচনার জবাব না দিয়ে সম্মিলিত সাইবার আক্রমণের মাধ্যমে সমালোচকদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেন।

নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খান। তিনি দাবি করেন, দলটির কথিত মিথ্যা বয়ানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য দেওয়ার পর দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সমালোচনায় সক্রিয় হয়েছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যকেও তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: সমালোচনার কড়া জবাব দিলেন রুমিন ফারহানা

পোস্টে জামায়াতের কয়েকজন নেতাকে ঘিরে বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত গোপন বৈঠক এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ও আমির হামজাকে ঘিরে অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করেন। রাশেদ খানের ভাষ্য, এসব ঘটনা দলটির নেতাদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এ ছাড়া জামায়াত-শিবিরের সামাজিক সম্পর্ক ও রাজনৈতিক আচরণ নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তাঁর দাবি, দলটির বাইরে সভ্য সমাজের সচেতন মানুষের সঙ্গে তাদের দূরত্ব রয়েছে। বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের সময় তাদের বর্তমান আচরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষ দলটির কাছ থেকে আরও দূরে সরে যেতে পারে।

তবে ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জামায়াত নেতাদের কোনো বক্তব্য দেওয়া হয়নি। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।