শাকিবের বিপরীতে ৩ লাখ, এখন এক সিনেমায় কত পারিশ্রমিক নেন তমা মির্জা?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
তমা মির্জা। ছবিঃ সংগৃহীত
তমা মির্জা। ছবিঃ সংগৃহীত

২০১০ সালে শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তমা মির্জার। প্রথম সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা। দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। বর্তমানে একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক নেন এই অভিনেত্রী।  

ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তমা মির্জার। সেই সূত্রেই বিনোদন অঙ্গনে আসা। ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। তবে ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না। প্রথম দিকের সিনেমাগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজের সুযোগও পাননি সহজে। এক সাক্ষাৎকারে তমা জানিয়েছিলেন, নিজের অবস্থান তৈরি করতে তাঁকে সংগ্রাম করতে হয়েছে।  

আরও পড়ুন: সিজেএফবির বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন চয়নিকা চৌধুরী

শুরুর দিকে নায়িকা হওয়ার স্বপ্ন থাকলেও পরে অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেন তমা। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় কাজের পর তার ভাবনায় পরিবর্তন আসে। এরপর শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি। এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। পরে ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’ সিনেমায় অভিনয় করেন।

‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে পাখি চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তমা। চরিত্রটির প্রয়োজনে গ্ল্যামারহীন উপস্থিতি ও অসহায়ত্ব ফুটিয়ে তুলতে হয়েছে তাকে। এরপর ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘আমলনামা’ ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: নতুন লুকে সুনেরাহ

২০২৩ সালে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে ময়না চরিত্রে অভিনয় করেন তমা। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়। এরপর ‘দাগি’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০২৬ সালের আগস্টে অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে নতুন দায়িত্ব নেওয়ার খবর জানান তমা। তবে অভিনয় চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ক্যারিয়ারের প্রথম সিনেমায় অভিনয়ের জন্য তিন লাখ টাকা পেয়েছিলেন তমা মির্জা। বর্তমানে প্রতি সিনেমায় তাঁর পারিশ্রমিক প্রায় ১৫ লাখ টাকা। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এই অঙ্ক কমবেশি হয়। অর্থাৎ, দেড় দশকের ব্যবধানে তাঁর সিনেমাপ্রতি পারিশ্রমিক বেড়েছে প্রায় পাঁচ গুণ।