‎নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল: ‎কার্যক্রম ১০০ শয্যা, কাগজে ২৫০ শয্যা

Shahrier Islam Pallab
‎মোঃ নুরুল আমীন,‎ ‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২৫০ শয্যার হাসপাতাল, অথচ চিকিৎসক রয়েছেন মাত্র ৩০ জন। নেই প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, আইসিইউ ও সিসিইউ। হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সও দুই বছরের বেশি সময় ধরে অকেজো। ওষুধ ও রোগীদের খাবারের বরাদ্দেও রয়েছে ঘাটতি। এমন নানা সংকটে ধুঁকছে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল। প্রতিদিন ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে অনেক রোগীকে যেতে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

‎হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বরে হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। পরে ২০২৫ সালের অক্টোবরে ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। এ লক্ষ্যে ৪৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নয়তলা নতুন ভবন। কিন্তু শয্যাসংখ্যা বাড়লেও জনবল কাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখনো ১০০ শয্যার হিসাবেই রয়ে গেছে। ফলে অবকাঠামো বাড়লেও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: গাজীপুরে আবার মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

‎অনুমোদিত ৬৮ চিকিৎসকের বিপরীতে কর্মরত ৩০ জন-

‎হাসপাতালের ১০০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী তত্ত্বাবধায়কসহ চিকিৎসকের অনুমোদিত পদ ৬৮টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩০ জন। শূন্য রয়েছে ৩৮টি পদ। ১০টি সিনিয়র কনসালট্যান্ট পদের সাতটি এবং ১২টি জুনিয়র কনসালট্যান্ট পদের ছয়টি শূন্য। এ ছাড়া ৯৭টি নার্সের পদের মধ্যে নার্সিং সুপারভাইজারসহ ছয়টি, তৃতীয় শ্রেণির ৪২টি পদের মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ২২টি পদের মধ্যে ১০টি শূন্য রয়েছে। সব মিলিয়ে চিকিৎসক ও অন্যান্য জনবল মিলিয়ে ৭৩টি পদ শূন্য। এমনকি হাসপাতালের ব্লাড ব্যাংকেও নেই কোনো কর্মী।

আরও পড়ুন: ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

‎হৃদরোগ, চক্ষু, অবেদনবিদ্যা ও দন্ত বিভাগের প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এসব বিভাগের রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বিশেষ করে হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠাতে হচ্ছে।

প্রতিদিন রোগীর চাপ গড়ে ৯৪৪ জন-

‎হাসপাতালের নথি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৫১১ জন। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৯৪৪ জন রোগী এসব বিভাগে চিকিৎসা নিয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৬ হাজার ২৮২ জন।

‎হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাঝহারুল আমীন বলেন, অর্ধেকের বেশি জনবলসংকট নিয়েই হাসপাতালের কার্যক্রম চালাতে হচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে একজন চিকিৎসককে দেড় থেকে দুই শ রোগী দেখতে হয়।

‎গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩৮৫। অথচ কার্যকর শয্যাসংখ্যা মাত্র ১০০। অর্থাৎ শয্যার তুলনায় ২৮৫ জন বেশি রোগী ভর্তি ছিলেন। এমনকি ঘোষিত ২৫০ শয্যার হিসাবেও ওই দিন অতিরিক্ত রোগী ছিলেন ১৩৫ জন।

‎২৫০ শয্যা হাসপাতালে খাবার পাচ্ছেন ১০০ জন রোগী-

‎রোগীর চাপের তুলনায় খাবারের বরাদ্দও অপ্রতুল। হাসপাতালের ১১টি ওয়ার্ডে ৪১৬ জন রোগী ভর্তি থাকলেও খাবারের বরাদ্দ রয়েছে মাত্র ১০০ জনের। ফলে সব রোগীকে নিয়মিত খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। আরএমও ডা. মাজহারুল আমীন বলেন, ‘আমরা সব সময় সবাইকে ডায়েট দিতে পারি না। সে ক্ষেত্রে প্রথম ১০০ জনকে সকালে দিলে বিকেলে অন্য ১০০ জনের জন্য ডায়েট থাকে। এভাবেই চলছে।’

‎‎ওষুধের ক্ষেত্রেও রয়েছে একই সংকট- চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় সব ওষুধ হাসপাতাল থেকে না পাওয়ায় রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে দরিদ্র রোগীদের বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।

‎আরএমও ডা. মাজহারুল আমীন জানান, হাসপাতালে প্রায় চার কোটি টাকার ওষুধ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। বিপুলসংখ্যক রোগীর ছয় মাসের প্রয়োজনীয় ওষুধের চাহিদাও এতে পূরণ হয় না। সীমিত সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে সেবা দেওয়ার চেষ্টা চলছে। তবে সরকারি বরাদ্দ না বাড়ালে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

‎আইসিইউ-সিসিইউ নেই, গুরুতর রোগীদের ভরসা ময়মনসিংহ-

‎হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) না থাকায় সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে।

‎হাসপাতালের তত্ত্বাবধায়ক একরামুল হাসান বলেন, যেসব গুরুতর রোগীকে এখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সামাল দেওয়ার ব্যবস্থা নেই, তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে আইসিইউ ও সিসিইউ না থাকায় প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত রোগীদের রেফার করা হয়।

‎কেন্দুয়ার আইনজীবী রুকন উদ্দিন তাঁর ৮০ বছর বয়সী বাবাকে পায়ের সংক্রমণ ও ফুলে যাওয়ার সমস্যায় হাসপাতালে ভর্তি করেছিলেন। দুই দিন হাসপাতালে থাকার পর প্রয়োজনীয় চিকিৎসক না পেয়ে বাবাকে ময়মনসিংহে নিয়ে যান।

‎কলমাকান্দার রানিগাঁও এলাকার রাজু আহমেদ হৃদরোগে আক্রান্ত ষাটোর্ধ্ব বাবাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞ না থাকায় তাঁকে ময়মনসিংহে পাঠানো হয়। সেখানে নেওয়ার জন্য হাসপাতালের উপযোগী অ্যাম্বুলেন্স না পেয়ে বাইরে থেকে বেশি ভাড়ায় অ্যাম্বুলেন্স নিতে হয় তাঁদের। ‎আটপাড়ার বানিয়াজানের নুরুল আমীন শ্বাসকষ্ট নিয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বলেন, সব সময় চিকিৎসক পাওয়া যায় না। সমস্যা বেশি হলে জরুরি বিভাগে যেতে হয়।

‎১০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ১৫৯ শিশু-

‎হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র আরও ভয়াবহ। গত ৭ নভেম্বর সরেজমিনে দেখা যায়, মাত্র ১০টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছে প্রায় ১৫৯টি শিশু। অর্থাৎ ধারণক্ষমতার সাড়ে ১৫ গুণেরও বেশি রোগী নিয়ে চলছে ওয়ার্ডটির কার্যক্রম।

‎বারহাট্টার চল্লিশ কাহনিয়া এলাকা থেকে আড়াই মাস বয়সী শিশুকে নিয়ে ভর্তি ছিলেন মারুফ মিয়া। তিনি জানান, এক সপ্তাহ ধরে শিশুর জ্বরের চিকিৎসা চলছে। তবে চিকিৎসকের দেখা পাওয়া যায় কম।

‎এদিকে অন্য একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া এক নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনেরা তাকে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন। আইসিইউ না থাকায় চিকিৎসকেরা দ্রুত ময়মনসিংহে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু নবজাতককে সেখানে নেওয়ার আর্থিক সামর্থ্য হবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন স্বজনেরা। এ সময় নবজাতকের দাদি জ্যোৎস্না বেগমকে কান্নাকাটি করতে দেখা যায়। ‎পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন নিউটন নামের এক রোগীর স্বজন মুন্না বলেন, ‘এখানে শুধু শুধু ভর্তি আছি, কোনো চিকিৎসা নাই।’

‎দুই অ্যাম্বুলেন্সই অকেজো, ভোগান্তিতে রোগীরা-

‎চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি রোগী পরিবহনেও রয়েছে দুর্ভোগ। হাসপাতালের নিজস্ব দুটি অ্যাম্বুলেন্সই দুই বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে। বর্তমানে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স এনে জেলা সদর হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। তবে সেটি বেশির ভাগ সময় মেডিকেল টিমের কাজে ব্যবহৃত হওয়ায় রোগী পরিবহনের জন্য পাওয়া যায় না। ‎এ ছাড়া আইসিইউ ও উচ্চ নির্ভরশীলতা কেন্দ্র (এইচডিইউ) চালু না থাকায় সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে পাঠাতে হচ্ছে। অ্যাম্বুলেন্সের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

‎‎পাঁচ টাকার টিকিটে ১০ টাকা আদায়ের অভিযোগ-

‎হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে সরকারি টিকিটের নির্ধারিত মূল্য পাঁচ টাকা হলেও রোগীদের কাছ থেকে ১০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিদিন গড়ে ৯৪৪ জন রোগী এসব বিভাগে চিকিৎসা নিতে এলে অতিরিক্ত পাঁচ টাকা হিসাবে মাসে প্রায় দেড় লাখ টাকা আদায়ের হিসাব পাওয়া যায়।

‎এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক একরামুল হাসান জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য চুক্তিভিত্তিক অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হচ্ছে। হাসপাতালে মাত্র পাঁচজন ক্লিনার রয়েছেন। অনেক বিভাগে ডোম ও সহকারী কর্মীও নেই। এসব কাজ পরিচালনার জন্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোগীদের কাছ থেকে অতিরিক্ত পাঁচ টাকা নিয়ে ব্যয় মেটানোর চেষ্টা করা হচ্ছে।

‎নতুন ২২৯ পদের প্রস্তাব, অনুমোদন মিলেছে ১১৫টির-

‎২৫০ শয্যার হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে নতুন করে ২২৯টি পদ সৃষ্টির প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৫টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। পরে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

‎হাসপাতালের তত্ত্বাবধায়ক একরামুল হাসান বলেন, এখনো ওষুধ, খাবারসহ বিভিন্ন ক্ষেত্রে ২৫০ শয্যার অনুপাতে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। চোখ, নাক-কান-গলা ও অবেদনবিদ্যাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে সিনিয়র কনসালট্যান্ট নেই। চক্ষু চিকিৎসকের পদ দুই দশক ধরে শূন্য রয়েছে। জনবল বাড়ানো গেলে আইসিইউ ও সিসিইউ চালু করা সম্ভব হবে।

‎‎স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, জনবল বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

‎‎অবকাঠামোতে ২৫০ শয্যা, সেবায় এখনো ১০০ শয্যার সীমাবদ্ধতা, এমন বাস্তবতায় প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও বরাদ্দ নিশ্চিত না হলে নেত্রকোনা সদর হাসপাতালের চিকিৎসাসেবার সংকট কাটবে কি না, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।