নীরব ঘাতক বজ্রপাতে থামছে না মৃত্যুর মিছিল

Sadek Ali
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪০ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

# প্রতি বছর দেশে ৩৩ লাখ ৬০ হাজার বজ্রপাত আঘাত হানে

# প্রতি বছর দেশে বজ্রপাতে নিহত ৩৫০ জন, এক যুগে ৩ হাজার ৮৬০ 

আরও পড়ুন: মরা মুরগির জমজমাট ব্যবসা, জনমনে বাড়ছে উদ্বেগ

# পাঁচ বছরে বজ্রপাতে ক্ষতি ১০৫ কোটি টাকা

# বজ্রপাত বাড়ার অন্যতম কারণ বড় গাছ কমে যাওয়া ও বায়ুদূষণ

আরও পড়ুন: ভেজাল খাদ্যের দাপটে জনস্বাস্থ্য চরম হুমকিতে

হেমন্তের এই সময়ে গতকাল বুধবার খুব সকালে রাজধানীতে যেন ভর করেছিল ঘন বর্ষার আষাঢ়। সকাল ৬টার একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়, আর থামে সাড়ে ছয়টার পর। যেনতেন বৃষ্টি নয়। মেঘের গর্জন, ঘন ঘন বিদ্যুতের চমক আর সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। এর আগে গত সোমবার সন্ধ্যার রাজধানীতে বৃষ্টি হয়। তার সঙ্গে ছিল বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি। আকাশে কালো মেঘ জমলেই বৃষ্টির সঙ্গে মৃত্যুর শঙ্কা বাড়ে। এ শঙ্কা বজ্রপাতে মৃত্যুর। বাংলাদেশে বজ্রপাত এখন এক নীরব ঘাতক। বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। বিশেষ করে হাওরাঞ্চলে, উন্মুক্ত মাঠে, নদীতীরবর্তী এলাকায় কৃষিকাজে নিয়োজিত মানুষেরা সবচেয়ে বেশি বজ্রপাতের শিকার হচ্ছেন। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে বজ্রপাত বাড়ছে বলে মনে করেন আবহাওয়া ও পরিবেশবিদরা। মেঘের গর্জন মানেই এখন বাংলাদেশের গ্রামাঞ্চল ও হাওরবাসীর জন্য চরম মৃত্যুভয়। প্রাকৃতিক দুর্যোগের তালিকায় বজ্রপাত এখন দেশের সবচেয়ে প্রাণঘাতী ঘাতকে পরিণত হয়েছে। সরকারি-বেসরকারি পরিসংখ্যান বলছে, প্রতি বছর বজ্রপাতের আঘাতে দেশে গড়ে ৩০০ থেকে ৩৫০ জন মানুষ প্রাণ হারাচ্ছেন, যার সিংহভাগই খোলা মাঠে কর্মরত কৃষক ও জেলে। ২০১৬ সালে একে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করা হলেও কার্যকর আগাম সতর্কবার্তা ও সুরক্ষা ব্যবস্থার অভাবে যেন বজ্রপাতের এক অদৃশ্য মৃত্যুফাঁদে আটকা পড়েছে বাংলাদেশ। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সব হিসাব পাল্টে দিয়েছে বজ্রপাত। বন্যা বা ঘূর্ণিঝড়ের চেয়েও এখন বেশি মানুষ মারা যাচ্ছেন বজ্রাঘাতে। 

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য বলছে, গত এক যুগে দেশে বজ্রপাতে মোট ৩ হাজার ৮৬০ জন মানুষের মৃত্যু হয়েছে। বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ২২৬ জন, ২০১৬ সালে ৩৯১ জন, ২০১৭ সালে ৩৮৮ জন, ২০১৮ সালে ৩৫৯ জন, ২০১৯ সালে ৪০১ জন, ২০২০ সালে ৪২৭ জন, ২০২১ সালে ৩৬৩ জন, ২০২২ সালে ৩৩৭ জন, ২০২৩ সালে ৩২২ জন, ২০২৪ সালে ২৭১ জন, ২০২৫ সালে ২৪৩ জন এবং ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত ১৩২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দেশে বজ্রপাত সারা বছরই কমবেশি হয়। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে মার্চ, এপ্রিল ও মে মাসে। পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট বজ্রপাতের প্রায় ৩৮ শতাংশ ওই সময়ে ঘটে। অন্যদিকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ঘটে প্রায় ৫১ শতাংশ বজ্রপাত। অক্টোবর ও নভেম্বর মাসে এ হার প্রায় ৮ শতাংশ এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে প্রায় ২-৩ শতাংশ। জাতিসংঘ এবং রাইমস এর তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩৩ লাখ ৬০ হাজার বজ্রপাত আঘাত হানে এবং এতে গড়ে অন্তত ৩০০ থেকে ৩৫০ জন মানুষ মারা যান

আবহাওয়াবিদ ড. বজলুর রশীদ জানান, বাংলাদেশে বজ্রপাত বাড়ার একাধিক কারণ রয়েছে। যেমন জলবায়ুর পরিবর্তন, আর্দ্রতা বাড়ায় দীর্ঘ তাপপ্রবাহ এবং বড় গাছ কমে যাওয়া। ভূপৃষ্ঠের গরম বাতাস দ্রুত উপরে উঠে যায় এবং শক্তিশালী বজ্রমেঘ তৈরি করে। এই মেঘ থেকেই বজ্রপাতের সৃষ্টি হয়। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বজ্রপাতের সরাসরি সম্পর্ক রয়েছে। আরকেটি কারণ হলো দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে নদী-খাল ও জলাশয় থেকে বেশি জলীয়বাষ্প সৃষ্টি হয়, যা বজ্রমেঘকে আরও শক্তিশালী করে। এতে বজ্রপাত হয়। আমাদের বাতাসে আর্দ্রতা বাড়ছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস এবং স্থানীয় জলীয়বাষ্প মিলে বায়ুমণ্ডলে প্রচুর শক্তি সঞ্চিত হয়। এতে বজ্রঝড় ও বজ্রপাতের তীব্রতা বাড়ে।

তারপর বড় গাছ কমে যাওয়াও একটি কারণ। গ্রামাঞ্চলে উঁচু গাছপালা কেটে ফেলার ফলে বজ্রপাতের স্বাভাবিক টার্গেট কমে গেছে। ফলে খোলা মাঠে কাজ করা কৃষক বা জেলেরা বজ্রপাতের শিকার হচ্ছেন। এ ছাড়া জলাভূমি ও ভূমি ব্যবহারের পরিবর্তন, বন উজাড় এবং বায়ুদূষণও বজ্রপাত বাড়ার জন্য অনেকাংশে দায়ী।

দেশে গত পাঁচ বছরে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ ছিল বজ্রপাত। ২০২১-২৫—এই পাঁচ বছরে বজ্রপাত, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও পাহাড়ধসে মোট প্রাণহানির প্রায় ৬০ শতাংশই হয়েছে বজ্রপাতে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেওয়া তথ্যানুযায়ী, পাঁচ বছরে ছয় ধরনের দুর্যোগে মোট ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বজ্রপাতে মারা গেছে ১ হাজার ৫৩০ জন, যা মোট প্রাণহানির ৫৯ দশমিক ৫ শতাংশ। সরকারি হিসাবে গত পাঁচ বছরে বজ্রপাতে ১০৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গত দুই দশকে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা এবং এর তীব্রতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পেছনে জলবায়ুর পরিবর্তন, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি, আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়া, অনিয়মিত আবহাওয়া এবং ভূমি ব্যবহারের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতে, পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। উষ্ণ ও আর্দ্র বায়ু দ্রুত উপরে উঠে শক্তিশালী বজ্রমেঘ তৈরি করে। মেঘে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের পার্থক্য বাড়লে বজ্রপাতের সৃষ্টি হয়। বাংলাদেশে মার্চ থেকে মে মাসে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। পরিবেশবিদ কামরুজ্জামান ইমন বলেন, বাংলাদেশে বজ্রপাতে প্রতি বছর শত শত মানুষের প্রাণহানি হয় ও কৃষিজীবী মানুষের ঝুঁকি বাড়ে এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব মিলিয়ে বজ্রপাত দেশের অন্যতম দুর্যোগে পরিণত হয়েছে। তিনি জানান, বিগত শতকের নয়ের দশকে দেশে বজ্রপাতে বছরে গড়ে ৩০ জনের মৃত্যু হতো। এখন তা বেড়ে ৩০০-৩৫০ জনে পৌঁছেছে।

আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা বলছেন, বজ্রপাতকে শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখলে চলবে না। এটিকে জননিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও আধুনিক বজ্রপাত সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি দীর্ঘমেয়াদি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।

পরিবেশবিদ কামরুজ্জামান ইমন বলেন, বজ্রপাত থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো আগাম সতর্কতা এবং সঠিক আচরণ। তার পরামর্শ: আকাশে কালো মেঘ, বিদ্যুৎ চমকানো বা বজ্রধ্বনি শুনলেই দ্রুত নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নিতে হবে। খোলা মাঠে, ধান ক্ষেতে, হাওরে, নদী-বিল-জলাশয়ে অবস্থান করা যাবে না। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকতে হবে। মাছ ধরা, নৌকা চালানো এবং কৃষিকাজ সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। আশ্রয় না পেলে দুই পা একসঙ্গে রেখে নিচু হয়ে বসতে হবে, তবে মাটিতে শুয়ে পড়া যাবে না। বাইসাইকেল, মোটরসাইকেল বা খোলা ট্রাক্টরে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে। ঘরের ভেতরে থাকলেও সতর্ক থাকতে হবে। বজ্রঝড়ের সময় টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, রাউটারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা উচিত। তারযুক্ত টেলিফোন ব্যবহার না করাই ভালো। ধাতব পাইপের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে বলে এ সময় গোসল করা, বাসন মাজা বা ট্যাপের পানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

বজ্রপাত মোকাবিলায় সরকার দেশের বিভিন্ন এলাকায় তালগাছসহ অন্যান্য উঁচু গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর নিয়মিত সতর্কবার্তা প্রচার করছে। মোবাইল ফোনে খুদে বার্তায়, গণমাধ্যমের প্রচারণায় ও স্থানীয় প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে সতর্ক করার চেষ্টা চলছে।