ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ঢাকা মহানগরী পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফিরোজ আহমেদের নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা সিটি করপোরেশনকে জনগণের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন। একই সঙ্গে জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান। এ লক্ষ্যেই প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বেইলি রোডকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সড়কটির এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ সড়ক হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তী সময়ে এর পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে এবং কোথাও আবর্জনা জমতে দেওয়া হবে না।

আরও পড়ুন: রাজধানীতে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

বেইলি রোডের বাসিন্দাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আবদুস সালাম বলেন, স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলাদা একটি দিন পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ওই এলাকায় গাছ লাগানো এবং ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ঢাকা শহর পরিচ্ছন্ন না থাকলে মশার উপদ্রব ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করা কঠিন। একইভাবে বায়ুদূষণ থেকেও শহরকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। সুস্থভাবে বেঁচে থাকতে হলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও দূষণমুক্ত রাখার বিকল্প নেই।

নগরবাসীর সহযোগিতা চেয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, কেউ যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে। দোকান পরিষ্কার করে সেই ময়লা রাস্তায় ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতন নাগরিক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড ও এলাকার বাসিন্দাদের এ কর্মসূচিতে অংশ নিতে হবে। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না এবং সিটি করপোরেশন যথাযথভাবে আবর্জনা পরিষ্কার করছে কি না, তা নজরদারি করতে হবে। কোথাও মশার উপদ্রব দেখা দিলে মশার ওষুধ ছিটানো হচ্ছে কি না, সেটিও সিটি করপোরেশনকে জানাতে হবে। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আবদুস সালাম বলেন, তাঁরা বিশ্বাস করেন, ঢাকা একদিন সুন্দর ও শান্তির শহর হবে। এটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের রাজধানী হিসেবে বিশ্বে একটি সুন্দর নগরীর পরিচিতি পাবে।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ক্লিনিং ডে কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়।