এসপি জাহাঙ্গীরের গ্রেপ্তার প্রসঙ্গ

ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না: সিএমপি কমিশনার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিএমপি কমিশনার বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, এর দায় তাঁর ব্যক্তিগত। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এ ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই এবং পুলিশ বাহিনী কখনো তাঁর দায় নেবে না।

মামলা দায়েরের প্রক্রিয়া সম্পর্কে হাসান মো. শওকত আলী জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে। পরে তা পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন: পায়ুপথে চারটি সোনার ডিম, অন্তর্বাসে সোনার পেস্টসহ আটক ১

মামলা রুজুর পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় জানিয়ে কমিশনার বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তও এই ইউনিট করবে। নিয়ম অনুযায়ী, তাঁকে রোববারই আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনায় মানসিক চাপ তৈরি হয় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার বিষয় নয়। কারণ, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া সংশ্লিষ্ট ব্যক্তির একান্তই ব্যক্তিগত দায়।

তিনি আরও বলেন, বার্তাটি স্পষ্ট—যে-ই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবেন, তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।

ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক—দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।