শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে দিল্লি হাইকমিশনে ই-মেইল
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো ওই ই-মেইলে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির একটি কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রও দিল্লি হাইকমিশনে এ ধরনের একটি ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন
তবে কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদিত আবেদন কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণপত্র এতে পাওয়া যায়নি। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি সংযুক্ত ছিল না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের শুরুতে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগের কথা উল্লেখ করেছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক
ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানিয়েছিল, ভারত থেকে বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই ছিল নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার প্রথম আবেদন বলে জানা গেছে।
তবে দিল্লি হাইকমিশনে পাওয়া ই-মেইলটি শেখ হাসিনার ব্যক্তিগত অনুমোদনসহ পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্টতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।





