গোপালগঞ্জের সাবেক এসপিকে ফেনী থেকে প্রত্যাহার
১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার(২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী, এসআরইউ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে একই ইউনিটে এবং খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।





