সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Shahrier Islam Pallab
সাইফুল ইসলাম বাবু, সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

এছাড়া, গত ২০ নভেম্বর রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পৃথক এসব অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।

আরও পড়ুন: গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।