জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের ক্যারিয়ারের সেরা ১০ সিনেমা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৩১ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
সুস্মিতা সেন। ছবিঃ সংগৃহীত
সুস্মিতা সেন। ছবিঃ সংগৃহীত

বলিউডে সৌন্দর্য, ব্যক্তিত্ব ও অভিনয়দক্ষতার সমন্বয়ে নিজের জন্য আলাদা অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জয়ের পর দুই বছর বাদে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর নানা ধরনের চরিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে।

রোমান্টিক গল্প থেকে শুরু করে কমেডি, থ্রিলার কিংবা সামাজিক প্রেক্ষাপট—বিভিন্ন ঘরানার সিনেমায় নিজের অভিনয়ের বৈচিত্র্য তুলে ধরেছেন সুস্মিতা। আজ ১৯ নভেম্বর তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে দেখে নেওয়া যাক, বড় পর্দায় তাঁর ক্যারিয়ারের আলোচিত ও স্মরণীয় ১০টি সিনেমা।

আরও পড়ুন: কর্মঘণ্টা ইস্যুতে দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া ভাট

১. ম্যায় হুঁ না (২০০৪) 

ফারাহ খান পরিচালিত এই সিনেমায় চাঁদনি চোপড়া নামের এক রসায়নের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। শাহরুখ খানের বিপরীতে তাঁর সাবলীল অভিনয় ও পর্দার রসায়ন দর্শকদের নজর কাড়ে। অ্যাকশন, রোমান্স ও কমেডির মিশেলে নির্মিত সিনেমাটিতে আরও ছিলেন সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান।

আরও পড়ুন: ‘দুই চরিত্রের তুলনা চলে না’, কেন বললেন আয়ুষ্মান?

২. বিবি নম্বর ওয়ান (১৯৯৯)

ডেভিড ধাওয়ান পরিচালিত এই কমেডি সিনেমায় রূপালি চরিত্রে দেখা যায় সুস্মিতাকে। সালমান খান, কারিশমা কাপুর, অনিল কাপুর ও টাবুর সঙ্গে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে নিজের অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন এই অভিনেত্রী।

৩. আঁখে (২০০২)

থ্রিলারধর্মী সিনেমা ‘আঁখে’-তে নেহা শ্রীবাস্তব চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। ব্যাংক ডাকাতির এক ব্যতিক্রমী পরিকল্পনাকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার গল্প। তিন অন্ধ ব্যক্তিকে ডাকাতির জন্য প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পড়ে তাঁর চরিত্রের ওপর। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অর্জুন রামপাল ও পরেশ রাওয়াল।

৪. সময়: হোয়েন টাইম স্ট্রাইকস (২০০৩)

রহস্য ও অপরাধনির্ভর এই সিনেমায় এসিপি মালবিকা চৌহান চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। শহরে ঘটে যাওয়া ধারাবাহিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দায়িত্ব পালন করতে দেখা যায় তাঁকে। রবি গ্রেওয়াল পরিচালিত সিনেমাটিতে অভিনেত্রীর অভিনয় ছিল গল্পের অন্যতম আকর্ষণ।

৫. ফিলহাল (২০০২)

মেঘনা গুলজার পরিচালিত ‘ফিলহাল’ সুস্মিতা সেনের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা। বন্ধুত্ব, মাতৃত্ব ও সারোগেসির মতো সংবেদনশীল বিষয় উঠে এসেছে এতে। সিনেমায় সিয়া শেঠ চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন টাবু ও সঞ্জয় সুরি।

৬. ম্যায়নে পেয়ার কিউ কিয়া? (২০০৫)

রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমায় নায়না চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। ডেভিড ধাওয়ান পরিচালিত সিনেমাটিতে সালমান খানের সঙ্গে তাঁর জুটি দর্শকদের বিনোদন দিয়েছে। গল্পে প্রেম ও সম্পর্কের নানা জটিলতা উঠে এসেছে। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সোহেল খান ও আরশাদ ওয়ারসি।

৭. দস্তক (১৯৯৬)

বলিউডে সুস্মিতার অভিনয়জীবনের সূচনা হয়েছিল এই সিনেমার মাধ্যমে। মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’-এ মিস ইউনিভার্সের মুকুটজয়ী এক তরুণীকে ঘিরে এক ব্যক্তির অস্বাভাবিক আসক্তি ও নানা ঘটনার গল্প তুলে ধরা হয়েছে। প্রথম সিনেমাতেই নিজের উপস্থিতি দিয়ে দর্শকের নজরে আসেন সুস্মিতা।

৮. সিরফ তুম (১৯৯৯)

আগাথিয়ান পরিচালিত এই রোমান্টিক সিনেমায় নেহা চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। সঞ্জয় কাপুর ও প্রিয়া গিলও ছিলেন সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রেমের গল্পের পাশাপাশি সিনেমাটির গানও নব্বইয়ের দশকের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

৯. বাস্তুশাস্ত্র (২০০৪)

ভৌতিক ও রহস্যনির্ভর সিনেমা ‘বাস্তুশাস্ত্র’-এ ঝিলমিল রাও চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। একটি বাড়িকে কেন্দ্র করে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। জেডি চক্রবর্তী ও পীযূষ মিশ্রের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া এই সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাঁকে।

১০. জিন্দেগি রকস (২০০৬)

তনুজা চন্দ্র পরিচালিত এই সিনেমায় ক্রিয়া সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। একজন চিকিৎসক ও তাঁর জীবনের সম্পর্কের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শাইনি আহুজা ও জুনিয়র বাখরু।

বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সুস্মিতা সেন প্রমাণ করেছেন, পর্দায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে তিনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন। জন্মদিনে তাঁর সিনেমাগুলো ফিরে দেখা মানে বলিউডে তাঁর দীর্ঘ অভিনয়যাত্রার নানা অধ্যায় নতুন করে স্মরণ করা।