‘দুই চরিত্রের তুলনা চলে না’, কেন বললেন আয়ুষ্মান?
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা ‘ইয়ে প্রেম মল লিয়া’র ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে ছবিটি। বিশেষ করে সিনেমার গল্প ও পারিবারিক প্রেক্ষাপটের সঙ্গে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মিল খুঁজে পাচ্ছেন অনেকে। তবে এমন তুলনায় আপত্তি জানিয়েছেন আয়ুষ্মান। তাঁর মতে, দুটি সিনেমার গল্প ও চরিত্রের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন অভিনেতা। আয়ুষ্মান জানান, ‘ইয়ে প্রেম মল লিয়া’ সিনেমায় তাঁর অভিনীত প্রেম চরিত্রটি ইতিবাচক মানসিকতার একজন মানুষ। যে বিয়ের পর স্ত্রীর পরিবারকে নিজের পরিবারের মতোই গুরুত্ব দেয় এবং তাদের পাশে দাঁড়ায়।
আরও পড়ুন: কর্মঘণ্টা ইস্যুতে দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া ভাট
অন্যদিকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় রকি চরিত্রের গল্প ও বিকাশ সম্পূর্ণ আলাদা। তাই দুটি চরিত্রকে এক করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সুরাজ বরজাতিয়া পরিচালিত ‘ইয়ে প্রেম মল লিয়া’ সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন শারভারি। ছবিতে প্রেম মিশ্র চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে। তাঁর বাবার চরিত্রে রয়েছেন অনুপম খের। সিনেমার গল্পে পূর্বা সোলাঙ্কি নামের এক তরুণীকে ঘিরে এগিয়েছে পারিবারিক নানা ঘটনা।
আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চ মাতালেন তাসনিম আনিকা
প্রকাশিত ট্রেলারে দেখা যায়, পূর্বার পরিবারের ছয় নারী সদস্যের দেখাশোনার দায়িত্ব তাঁর কাঁধে। পরিবারের প্রতি দায়িত্ববোধের কারণে পূর্বার পক্ষে নিজের বাড়ি ছেড়ে অন্য পরিবারে গিয়ে থাকা সম্ভব নয়। বিষয়টি বুঝতে পেরে প্রেমই প্রস্তাব দেয়, বিয়ের পর সে স্ত্রীর বাড়িতে গিয়ে থাকবে। এর মধ্য দিয়ে প্রচলিত পারিবারিক রীতিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এখানেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সঙ্গে সিনেমাটির তুলনা সামনে এসেছে। তবে দুই ছবির গল্প বলার ধরনে রয়েছে ভিন্নতা। রকি ও রানি নিজেদের পরিবারের সদস্যদের জীবনযাপন ও সংস্কৃতি বুঝতে ছয় মাসের জন্য পরিবার অদলবদল করেছিল। অন্যদিকে ‘ইয়ে প্রেম মল লিয়া’য় বিয়ের পর স্ত্রীর বাড়িতে স্বামীর থাকার বিষয়টিকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।
সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া। প্রচলিত সামাজিক ধারণা ভেঙে ভালোবাসা, পারিবারিক বন্ধন ও দায়িত্ববোধের নতুন বার্তা দেওয়ার চেষ্টা রয়েছে ছবিটিতে। ট্রেলারের শেষেও উঠে এসেছে ভালোবাসার গভীরতা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ সংলাপ।





