গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সদ্য ঘোষিত গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। নতুন কমিটিতে এমন কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে, যাদের বিরুদ্ধে ধর্ষণ, মাদক, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও ঝুট বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ রয়েছে। অন্যদিকে, রাজপথের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে এই কমিটি গঠনের অভিযোগ তুলেছেন স্থানীয় পর্যবেক্ষক ও রাজনৈতিক বোদ্ধারা।

নবগঠিত গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক করা হয়েছে আবু তাহের প্রধানকে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তার বাড়ির এক ভাড়াটিয়া নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামীকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

ভুক্তভোগী ওই নারী (সুমাইয়া সুমি) বিয়ের জন্য চাপ দিলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত প্রতিকার চেয়ে ভুক্তভোগী নারী আদালতে আবু তাহের প্রধানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। পাশাপাশি স্বামী-স্ত্রী নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে গাজীপুর পুলিশ সুপারের (এসপি) কাছে আবেদন করেছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্থানীয় সূত্রগুলোর দাবি, আবু তাহের প্রধান এলাকার একাধিক কারখানায় ঝুট ব্যবসা এবং চাঁদাবাজির সঙ্গেও জড়িত।

আরও পড়ুন: আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

নতুন কমিটিতে শীর্ষ পদে থাকা আরও দুজনের অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ অনুযায়ী, জেলা যুবদলের সভাপতি ইয়াসির আকরাম পলাশ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান রেজা এলাকায় মাদক ও অস্ত্র কারবারি হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্যমতে, চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ায় অতীতে তাদের পরিবার অতিষ্ঠ হয়ে বিভিন্ন সময় তাদের রিহ্যাব সেন্টারে পাঠিয়েছিল।

অন্যদিকে, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলামের সাংগঠনিক ভূমিকা নিয়েও সমালোচনা রয়েছে। অভিযোগ উঠেছে, পূর্ববর্তী আন্দোলন-সংগ্রামে তার কোনো সক্রিয় ভূমিকা ছিল না এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। ঝুট, সুদ, মাদক ও চাঁদাবাজিই তার প্রধান আয়ের উৎস বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

গাজীপুরের রাজনৈতিক বিশ্লেষক ও বঞ্চিত নেতাকর্মীদের একাংশের অভিযোগ, সাংগঠনিক রীতিনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে এই কমিটি দেওয়া হয়েছে। তাদের দাবি, কোনো কর্মীসভা, পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার বা জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ না করেই অনেকটা গোপনীয়তার মধ্যে কমিটি চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের অভিযোগ, ঝুট, সুদ ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের কাছ থেকে টাকা লেনদেনের মাধ্যমে এই কমিটি দেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে জানতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নাকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু তাহের প্রধান দাবি করেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং সাংবাদিকদের মাধ্যমেই প্রথম বিষয়টি জানতে পেরেছেন।