হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁরা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক বিভাগের কর্মচারী।

আরও পড়ুন: ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর রহমান ও সাজু আহমেদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় সহকর্মীরা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফিরোজ আহমেদের নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের বাম হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে।

হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অন্যদিকে সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।