ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

Sanchoy Biswas
পুড়েছে ৮ ঘর-দোকান
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফিরোজ আহমেদের নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।

আরও পড়ুন: ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।