গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। পরে তাঁরা কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। প্রায় আধা ঘণ্টা তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকেরা সরে গেছেন। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।