বগুড়ায় খোরশেদ হত্যা, পলাতক আসামি বেল্লাল গ্রেপ্তার

Sadek Ali
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর মো. খোরশেদ আলম (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি মো. বেল্লালকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

​গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেল্লাল শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকার মৃত রসূলের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকালে মাদলা বাজারে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে যান খোরশেদ আলম। বাজার শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ও পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করেন মামলার আসামিরা। এ সময় ক্ষিপ্ত হয়ে আসামিরা বার্মিজ চাকু দিয়ে খোরশেদ আলমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন।

​পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গত ৭ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ নভেম্বর বিকেলে তিনি মারা যান।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

​এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পিতা মো. আনছার আলী বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের ধরতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১২। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি বেল্লালকে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতেও অভিযান অব্যাহত রয়েছে।