গত দেড় দশকে শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল: রাষ্ট্রপতি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার সেটিকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান তুলে ধরেন তিনি।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।