ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলির আদেশ পাওয়া তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।

রোববার ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ৪ উর্ধ্বতন কর্মকতার বদলি

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জ ও ফেনীতে নতুন পুলিশ সুপার

সম্প্রতি গোপালগঞ্জে দিনভর দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এসব সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ধারাবাহিকভাবে এসব বদলির পদক্ষেপ নেওয়া হয়েছে।