মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত অন্তত ১১২

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৫ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।

আরও পড়ুন: ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

মিসরের পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। ফায়ুম প্রদেশের দিকে যাওয়া একটি ট্রেনের পেছনের অংশের সঙ্গে অপর একটি ট্রেনের সংঘর্ষ হয়। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় আসওয়ান প্রদেশের উদ্দেশে যাচ্ছিল।

রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার তদন্তে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুমগামী ট্রেনটির সংঘর্ষ হয়।

আরও পড়ুন: নেতানিয়াহুর বিদায়, সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া ও দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। দেশটির রেলওয়ে ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেলব্যবস্থার উন্নয়নে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

দুর্ঘটনাস্থলের কাছের কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুই ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আহত যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।

জামাল বলেন, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিতে দেখেছেন। এ ছাড়া স্থির অবস্থায় থাকা একটি ট্রেনের বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়।

এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর আগে গত সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।

মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। ওই সময় কায়রো থেকে দক্ষিণ মিসরের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

সূত্র: এএফপি ও রয়টার্স