কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত

Shahrier Islam Pallab
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত না হলেও তারা একই পরিবারে বলে ধারণা করছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটেছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে তারা খবর পান ফ্লাইওভারে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি শিশু ও স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ফ্লাইওভারে কোনো সিসি ক্যামেরাও নেই।

আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে তদন্ত করছি। মোটরসাইকেলটি কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা জানতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে। আমরা ধারণা করছি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে নিহতরা একই পরিবারের হতে পারে।