গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে কি না, তা গোপালগঞ্জবাসীর চাওয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে গোপালগঞ্জে পুলিশকে কঠোর অবস্থানে যেতে না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টিস্নাত বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করা যাবে না: এমপি মিলন

তিনি বলেন, এখন পর্যন্ত গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আগামীতে পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছেন তিনি। স্থানীয় শান্তিপ্রিয় মানুষদের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এ ধরনের লোকের সংখ্যা খুব বেশি নয়।

নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘গোপালগঞ্জবাসী চাইলে হবে।’

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, থানা জনগণের জন্যই। জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে?

তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশ সদস্যের সংখ্যা হয়তো ২০ জন। জনগণ আইন মেনে না চললে এবং পুলিশকে সহযোগিতা না করলে সীমিতসংখ্যক সদস্যের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

আইজিপি বলেন, নাগরিকদের সার্বিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে কার্যকরভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। জনগণ যদি পুলিশকে সহযোগিতা না করে, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।

এর আগে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সকালে সেখানে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির।

তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

তারা শহরের সার্কিট হাউসে অবস্থান নেন। এ সময় গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও সেখানে উপস্থিত ছিলেন।