বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সোমবার রাতেই রূপ নিতে পারে নিম্নচাপ
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। অনুকূল আবহাওয়া পরিস্থিতি থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে সাগর উত্তাল হয়ে ওঠায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে এটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। সোমবার দুপুর ১২টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটি ১১ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত
এ সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম ‘আকভান’
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা নির্ভর করছে পরবর্তী সময়ে আবহাওয়াগত পরিস্থিতির ওপর। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনার প্রতি সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।





