ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (১৬ নভেম্বর) নিজস্ব অর্থায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও পরিচালনা করা হয়।

ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত খালটি পুনঃখনন করা হচ্ছে। ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রস্থের এ খাল পরিষ্কার ও পুনঃখননের কাজ শেষ করতে প্রায় দুই মাস সময় লাগবে।

আরও পড়ুন: লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের অর্থদাতা সাবেক নেতা গ্রেপ্তার

ডিএসসিসি সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় খালটি থেকে প্রায় ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। কার্যক্রমটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার নগরবাসী সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে সংস্থাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিটি করপোরেশন খাল খনন ও পরিষ্কারের কাজ সঠিকভাবে করছে কি না, তা স্থানীয় বাসিন্দাদের তদারকি করতে হবে। কাজে কোনো গাফিলতি দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

আরও পড়ুন: রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, আটক ১

অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।

প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও উদ্ধার করার পর যেন কেউ আবার অবৈধভাবে দখল করতে না পারে এবং খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে নাগরিকদের সংঘবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, এ সম্পদের সুফল ও কুফল—দুটিরই প্রভাব নাগরিকদের ওপর পড়ে। তাই এর রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা, মশক নিধন এবং খাল খনন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি। সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে ঢাকা মহানগরীর সার্বিক চিত্রে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন প্রশাসক।

উল্লেখ্য, ডিএসসিসির অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বাকি চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাগরিকেরা উপস্থিত ছিলেন।