চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি
- দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
- নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পরে দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এ সময় তিনি দেশের হালনাগাদ ভোটার তালিকার পাশাপাশি কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আখতার আহমেদ জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯। এ তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হয়েছেন। তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। তিনি বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জানান, হালনাগাদ এই ভোটার তালিকা আগামী স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবহার করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনও এ তালিকা অনুযায়ী আয়োজন করা হবে। ফলে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও নতুন ভোটার তালিকাটি কার্যকর থাকবে।
এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতবিনিময় সভা আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানো হবে। প্রয়োজন হলে ২৯ নভেম্বরের আগেও সাংবাদিকদের ব্রিফ করা হতে পারে। তিনি জানান, মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আমন্ত্রণ পাওয়া দলগুলোর নামের তালিকা দিতে পারেননি তিনি। জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০২৭ সালের ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর। এরপর ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি উভয় পদ্ধতি কার্যকর থাকবে। কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সংশ্লিষ্ট দুটি উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
আরও পড়ুন: এবার রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে ইসি





