প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের সংলাপ

ফ্যাসিস্টের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রতিশ্রুতি

Sadek Ali
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। গতকাল সোমবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জাতীয় ঐক্য এবং ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। এরমধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপ শুরু হলো। এরআগে দুপুর সোয়া ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে প্রথম দল হিসেবে এনসিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন- আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। প্রধানমন্ত্রীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বৈঠক শেষে এনসিপির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন।

সংলাপে এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ কার্যকর করা, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ও সহিংসতার বিচার নিশ্চিত করা। এছাড়া সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়টিও এনসিপির পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। তবে এনসিপি জানিয়েছে, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। তবে দলটির মতে, জাতীয় ঐক্য কেবল সাময়িক রাজনৈতিক সমঝোতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর সুস্পষ্ট ভিত্তি, নীতিগত অঙ্গীকার এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সহনশীলতা ও ঐকমত্য প্রতিষ্ঠা করা জরুরি। এ সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যের নতুন ক্ষেত্র তৈরি হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হতে পারে। েজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে- তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি। নাহিদ ইসলাম বলেন, আমরা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বলেছি। এছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, আমরা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছি। তিনি বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না, তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখানকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।

আরও পড়ুন: দেশে ই-বর্জ্যের দূষণ বাড়ছে স্বাস্থ্যঝুঁকিতে আগামী প্রজন্ম

তবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে গণমানুষের অধিকারকে প্রাধান্য দিতে হবে। তিনি আরও বলেন, সব সময় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে। মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার। তিনি বলেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে।

মাহদী আমিন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সমান অধিকার নিশ্চিত হবে। আজকের আলোচনায় সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ এবং বিভিন্ন মত ও পথের মানুষ এক হয়েছিল। তখন কারও রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনায় নেওয়া হয়নি। সবাই এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে এক হয়েছিলেন, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা থাকবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে।

আরও পড়ুন: নারী ক্রিকেটে যৌন হয়রানি উদ্বেগ-উৎকণ্ঠায় ক্রিকেটাররা

তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিশেষ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে সবাইকে একমত হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের আলোচনায় দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি আরও বলেন, দেশে পতিত স্বৈরাচারের অপশক্তি রয়ে গেছে। তারা দেশের বাইরে অবস্থান করেও যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিসমূহ ঐক্যবদ্ধ রয়েছে। মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিপ্রায় এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, মতবিনিময়ের ক্ষেত্রে শর্ত দেওয়ার মতো কোনো বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য তুলে ধরেছে আর প্রতিনিধিদল সরকারের অবস্থান জানিয়েছেন। নতুন করে ঐক্য প্রতিষ্ঠার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ই দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও তীবেদ্যারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হবে জনগণ। প্রতিষ্ঠিত ঐক্যকে আরও সুসংহত করাই সরকারের লক্ষ্য। সংস্কার কার্যক্রমের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও জানিয়েছেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে স্বাক্ষরের সময় যে অঙ্গীকার করেছে, তা শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই। তিনি বলেন, সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সেই প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে। প্রথম দল হিসেবে এনসিপির নেতারা সরকারপ্রধানের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।