ওসমান ফারুকের শূন্যস্থান পূরণে ‘মানবিক নেতৃত্ব’ চান বিএনপি নেতা লিটন

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ঘিরে সরব রাজনীতি, ‘এমপি পদে লিটন ভাই’ স্লোগানে মুখর তাড়াইলের রাজপথ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর সম্ভাব্য উপনির্বাচন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। আসনটিতে দলের মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতার মধ্যেই নিজের অবস্থান জানান দিয়েছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। ড. ওসমান ফারুকের শূন্যস্থান পূরণে সাধারণ মানুষের পাশে থাকা, এলাকার উন্নয়নে ভূমিকা রাখা এবং সাহসী ও মানবিক গুণাবলিসম্পন্ন নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন লিটন। কর্মসূচিটি সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী হলেও সেখানে আসন্ন উপনির্বাচনে তাঁর সম্ভাব্য প্রার্থিতার বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। মিছিলে অংশ নেওয়া সমর্থকদের কণ্ঠে ‘এমপি পদে লিটন ভাই’ স্লোগান শোনা যায়। তাঁর ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ডও ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: হাসিনাকে কীভাবে আনব, এটা বাংলাদেশ-ভারতের বিষয় তার নয়, বিমান পাঠানো নিয়ে উপদেষ্টা জায়েদ উর রহমান

মিছিলের আগে দেওয়া বক্তব্যে সারওয়ার হোসেন লিটন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে রক্ষা করতে হলে দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রাখা জরুরি। নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় কোনো বিভেদ রাখা যাবে না।

ড. ওসমান ফারুকের পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁদের প্রত্যাশা ছিল, প্রিয় নেতা ও অভিভাবক ড. ওসমান ফারুকের নেতৃত্বে তাড়াইল ও করিমগঞ্জকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন। কিন্তু অসুস্থতার কারণে তাঁর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর সেই প্রত্যাশিত উন্নয়নযাত্রা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন নতুন নেতৃত্বের ওপর বর্তেছে। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে একজন যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি প্রয়োজন।

আরও পড়ুন: নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক নিহত

লিটন বলেন, আগামী দিনে তাড়াইল-করিমগঞ্জের নেতৃত্বে এমন একজন মানুষকে দেখতে চান, যিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন, এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার সাহস রাখবেন। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে তাঁর মধ্যে।

বিএনপির বর্তমান নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের বর্তমান কাণ্ডারি ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। আগামী দিনে এ এলাকার যিনি নেতৃত্ব দেবেন, তাঁর মধ্যেও মানবিকতা, দায়িত্ববোধ ও জনকল্যাণের মানসিকতা থাকা প্রয়োজন। করিমগঞ্জ-তাড়াইলের মানুষ আগামী নির্বাচনে এমন একজন মানবিক নেতৃত্বকেই বেছে নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিগত ১৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে লিটন আরও বলেন, ড. ওসমান ফারুকের পর যিনি এ এলাকার দায়িত্ব নেবেন, তাঁকে জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও ভাগ্য পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তাড়াইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি করিমগঞ্জ থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়েই তাড়াইল ও করিমগঞ্জকে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে কিশোরগঞ্জ জেলাকে দেশের উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দলের গণতান্ত্রিক রীতিনীতি ও আদর্শের প্রতি আস্থার কথা জানিয়ে লিটন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, তাড়াইল-করিমগঞ্জের জন্য একজন যোগ্য ও মানবিক নেতৃত্ব প্রয়োজন, তাহলে সেই প্রত্যাশা পূরণে তাঁরা কাজ করবেন।

এর আগে তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাঈদুজ্জামান মোস্তফা, সাধারণ সম্পাদক সারোয়ার আলমসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


উপনির্বাচন ঘিরে নতুন সমীকরণ

ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ বাড়ছে। বিশেষ করে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটনের বক্তব্য, সমর্থকদের স্লোগান এবং প্রচারপত্রে তাঁর উপস্থিতি মনোনয়ন ঘিরে রাজনৈতিক তৎপরতার নতুন ইঙ্গিত দিচ্ছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কার ভাগ্যে জুটবে, তা নির্ভর করবে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। ফলে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ-তাড়াইলের রাজনৈতিক মাঠে এখন থেকেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান জানান দেওয়ার লড়াই।