গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুই মহাসড়ক, ৭৫ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২টি
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আরও পড়ুন: হাসিনাকে কীভাবে আনব, এটা বাংলাদেশ-ভারতের বিষয় তার নয়, বিমান পাঠানো নিয়ে উপদেষ্টা জায়েদ উর রহমান
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের মুখে জেলার ৭৫টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে মহানগরের নলজানি এলাকায় শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ঘিরে সরব রাজনীতি, ‘এমপি পদে লিটন ভাই’ স্লোগানে মুখর তাড়াইলের রাজপথ
প্রায় একই সময়ে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সরাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
একই দাবিতে সদর উপজেলার বাঘেরবাজার, শ্রীপুর, কালিয়াকৈর ও টঙ্গী এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এদিকে সকালে কোনাবাড়ী শিল্পাঞ্চলে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে দুপুরের দিকে বেতন বৃদ্ধির দাবিতে সালনা, পোড়াবাড়ি, বাঘেরবাজার ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আবারও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তাঁরা আবার সংগঠিত হয়ে মহাসড়কের অন্য স্থানে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। ফলে দিনভর বিভিন্ন স্থানে দফায় দফায় যান চলাচল ব্যাহত হয়। এতে মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন জানান, উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার ৭৫টি কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, থানা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।





