সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (MINUSCA) যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। গতকাল রোববার (২২ নভেম্বর) দুপুরে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা ঢাকা ত্যাগ করেন। এই মিশনে বাংলাদেশ পুলিশের এটিই এ পর্যন্ত সর্বোচ্চসংখ্যক ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন।

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, আট সদস্যের দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাঁরা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। আজ সোমবার (২৩ নভেম্বর) সেখান থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁদের।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনের আনুষ্ঠানিক নাম United Nations Multidimensional Integrated Stabilization Mission in the Central African Republic (MINUSCA)। এ মিশনে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তার যোগদান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এ মোতায়েন দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে