দেশে ই-বর্জ্যের দূষণ বাড়ছে স্বাস্থ্যঝুঁকিতে আগামী প্রজন্ম

Any Akter
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:২৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

# দেশে বছরে প্রায় ৩০ লাখ মেট্রিক টন ই-বর্জ্য তৈরি হয়

# শিশুদের বর্ধনশীল মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও ফুসফুসের অপূরণীয় ক্ষতি করে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন: ফ্যাসিস্টের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রতিশ্রুতি

#  প্রতি বছর ২০ শতাংশ হারে ই-বর্জ্য বাড়ছে : পরিবেশ অধিদপ্তর

# উৎপাদিত ৯৭ শতাংশ  ই-বর্জ্যে অপ্রাতিষ্ঠানিক ও অনিয়ন্ত্রিত খাতে প্রক্রিয়াজাত হয় : টিআইবি

আরও পড়ুন: নারী ক্রিকেটে যৌন হয়রানি উদ্বেগ-উৎকণ্ঠায় ক্রিকেটাররা

আধুনিক প্রযুক্তির হাত ধরে আমাদের জীবন যত সহজ ও গতিশীল হচ্ছে, ঠিক ততটাই নীরবে জমছে এক ভয়াবহ বিপদ। ই-বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্যকে পরিবেশ ও মানবস্বাস্থ্যের ‘নীরব ঘাতক’ বলা হচ্ছে। পুরনো মোবাইল, ল্যাপটপ, ব্যাটারি কিংবা অকেজো ইলেকট্রনিক সামগ্রীগুলো যখন আমরা অপ্রয়োজনীয় ভেবে ছুড়ে ফেলি, তখন সেগুলো কেবল আবর্জনা হয়ে থাকে না, বরং পরিণত হয় পরিবেশ ও মানবস্বাস্থ্যের এক ‘নীরব ঘাতকে’। কারণ এর বিষাক্ত রাসায়নিকগুলো ধীরে ধীরে ও অগোচরে প্রকৃতি ও মানুষের শরীরের স্থায়ী ক্ষতি করে।

সাধারণ বর্জ্যের মতো এটি পচে মাটির সাথে মিশে যায় না, বিষাক্ত পদার্থগুলো বছরের পর বছর ধরে মাটি,পানি ও বাতাসকে বিষাক্ত করে। যথাযথ ব্যবস্থাপনার অভাবে এই বিষাক্ত বর্জ্য মাটি, পানি ও বাতাসকে দূষিত করার পাশাপাশি আগামী প্রজন্মকে ঠেলে দিচ্ছে চরম স্বাস্থ্যঝুঁকির মুখে। কারণ এর বিষাক্ত রাসায়নিকগুলো ধীরে ধীরে ও অগোচরে প্রকৃতি ও মানুষের শরীরের স্থায়ী ক্ষতি করছে। ই-বর্জ্য সাধারণ আবর্জনার মতো নয়। অনেক ইলেকট্রনিক পণ্যে সিসা, পারদসহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ, রাসায়নিক উপাদান এবং ব্যাটারির মতো ঝুঁকিপূর্ণ অংশ থাকতে পারে। এগুলো অনিরাপদভাবে ভাঙা, পোড়ানো বা খোলা জায়গায় ফেলে রাখলে মাটি, পানি ও বাতাস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে অনানুষ্ঠানিকভাবে বর্জ্য সংগ্রহ ও যন্ত্রাংশ আলাদা করার কাজে যুক্ত শ্রমিকেরা যথাযথ সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ না পেলে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। শিশু ও আশপাশের বাসিন্দারাও দূষণের পরোক্ষ প্রভাবের শিকার হতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অনানুষ্ঠানিক ও অসুরক্ষিত উপায়ে ই-বর্জ্য প্রক্রিয়াজাত করার ফলে পরিবেশে সিসা ও পারদের মতো প্রায় ১ হাজার ধরনের বিষাক্ত রাসায়নিক উপাদান নির্গত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা অনুযায়ী, ‘গর্ভবতী নারী এবং শিশুরা এই বিষাক্ত পদার্থের সংস্পর্শে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এটি শিশুদের বর্ধনশীল মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও ফুসফুসের অপূরণীয় ক্ষতি করে, যা তাদের সারাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বাংলাদেশের ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে টিআইবি-র গবেষণায় বলা হয়েছে, দেশে উৎপাদিত ই-বর্জ্যের প্রায় ৯৭ শতাংশই অপ্রাতিষ্ঠানিক ও অনিয়ন্ত্রিত খাতে প্রক্রিয়াজাত হয়। এই সংকটকে কেবল বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা হিসেবে দেখলে চলবে না, বরং এটি এখন সুশাসন, নগর ব্যবস্থাপনা এবং শ্রমিকের নিরাপত্তার একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।’

দেশে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং নীতিমালা বাস্তবায়নে উদাসীনতার অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২০২১ সালে সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হলেও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা, কার্যকর তদারকি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে এর বাস্তবায়ন প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। ফলে দ্রুত বাড়তে থাকা ইলেকট্রনিক বর্জ্যের নিরাপদ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও পুনর্ব্যবহার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

ই-বর্জ্য পরিবেশের উপর ভয়াবহ প্রভাব ফেলে। এতে থাকা বিষাক্ত রাসায়নিক উপাদান, যেমন লেড, পারদ, ক্যাডমিয়াম, এবং পলিভিনাইল ক্লোরাইড মাটিতে মিশে তা দূষিত করে। এই উপাদানগুলো মাটির উর্বরতা নষ্ট করে এবং পানি প্রবাহে মিশে ভূগর্ভস্থ পানি দূষণ ঘটায়। দূষিত পানি ব্যবহারে মানুষের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। ই-বর্জ্য পুড়িয়ে ফেলা হলে তা বায়ু দূষণ করে। এতে নির্গত কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। একই সঙ্গে ই-বর্জ্য থেকে নির্গত পারদ, লেড এবং অন্যান্য ভারী ধাতু বাতাসে মিশে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করে শ্বাসকষ্ট, ফুসফুসজনিত রোগ, এমনকি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

মানুষের স্বাস্থ্যের উপর ই-বর্জ্যরে প্রভাব অত্যন্ত ক্ষতিকর। বিষাক্ত উপাদানগুলোর দীর্ঘমেয়াদি সংস্পর্শ স্নায়বিক সমস্যা, কিডনি ক্ষতি, হাড় দুর্বলতা এবং প্রজনন সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তাদের শরীর তুলনামূলকভাবে এই রাসায়নিকের বিরুদ্ধে কম প্রতিরোধ ক্ষমতা রাখে। আর্থিক দিক থেকেও ই-বর্জ্য অপচয় বাড়ায়। ই-বর্জ্যে স্বর্ণ, রূপা, কপারসহ মূল্যবান ধাতু থাকে। সঠিকভাবে পুনর্ব্যবহার করা না হলে এগুলো অপচয় হয়, যা অর্থনৈতিক ক্ষতি তৈরি করে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বা ই-বর্জ্য তৈরি হয়। দেশীয় বিভিন্ন গবেষণা সংস্থার তথ্যমতে, জাহাজ ভাঙা শিল্পসহ সব খাত মিলিয়ে এই বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং প্রতি বছর তা প্রায় ২০% হারে বাড়ছে। পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদন বলছে, দেশে প্রতি বছর ২০ শতাংশ হারে ই-বর্জ্য বাড়ছে। ২০৩৫ সাল নাগাদ ই-বর্জ্য বছরে ৪৬ লাখ টনে দাঁড়াবে। ২০১৮ সালের এক প্রতিবেদনে বছরে দেশে ৪ লাখ টন ই-বর্জ্য উৎপন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। যার মধ্যে কেবল ৩ শতাংশ পুনঃপ্রক্রিয়াকরণ বা রিসাইক্লিং শিল্পে ব্যবহার করা হয়। বাকি ৯৭ শতাংশের ঠাঁই হয় ভাগাড়ে। ই-বর্জ্যের প্রভাবে মানুষের বিভিন্ন টিস্যু, অঙ্গ ও সিস্টেম বিষাক্ত হচ্ছে। যা শ্বাসযন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ু, মূত্রতন্ত্র ও প্রজনন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেছে। এতদিন মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন বা জাহাজভাঙা শিল্পের বর্জ্যকে কেন্দ্র করে আলোচনা হলেও এখন নতুন করে ঝুঁকির তালিকায় যুক্ত হয়েছে সৌরবিদ্যুৎ খাত।

কারণ, গত এক দশকে বাংলাদেশে দ্রুত বেড়েছে সোলার হোম সিস্টেম, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ এবং ব্যাটারিচালিত বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থার ব্যবহার। এসব যন্ত্রের গড় আয়ুষ্কাল ১৫ থেকে ২৫ বছর। ফলে ধীরে ধীরে বিপুল পরিমাণ সোলার প্যানেল ও ব্যাটারি মেয়াদোত্তীর্ণ হতে শুরু করেছে। পরিবেশ বিশেষজ্ঞ হুমায়ন কবির হিমু বলেন, ই-বর্জ্য সমস্যা মোকাবিলায় ব্যক্তি, সমাজ, শিল্পপ্রতিষ্ঠান এবং সরকারের সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ এখন অপরিহার্য হয়ে উঠেছে। অপ্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনার প্রবণতা কমাতে হবে এবং দীর্ঘস্থায়ী, মানসম্পন্ন ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারকে আরও বেশি উৎসাহিত করতে হবে। যন্ত্রপাতি মেরামত করে পুনরায় ব্যবহার, প্রয়োজন অনুযায়ী অন্যের কাছে হস্তান্তর, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠানে দান এবং অনুমোদিত ও নিরাপদ পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠানের কাছে ই-বর্জ্য যথাযথভাবে জমা দেওয়ার একটি সুসংগঠিত সংস্কৃতি গড়ে তুলতে হবে।