শিবগঞ্জে হেরোইন ও ককটেলসহ আটক ১

Sadek Ali
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এসব তথ্য জানান।

আরও পড়ুন: হাসিনাকে কীভাবে আনব, এটা বাংলাদেশ-ভারতের বিষয় তার নয়, বিমান পাঠানো নিয়ে উপদেষ্টা জায়েদ উর রহমান

বিজিবি জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ কানসাট ইউনিয়নের ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় বিজিবি ও পুলিশের যৌথ টহল দল। ব্যাটালিয়নের উপ-অধিনায়কের নেতৃত্বে পরিচালিত অভিযানে আমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়।

আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ঘিরে সরব রাজনীতি, ‘এমপি পদে লিটন ভাই’ স্লোগানে মুখর তাড়াইলের রাজপথ

ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে সীমান্তে চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করেন।