নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:২১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিসেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ও আশঙ্কা ছড়িয়ে পড়লেও নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। একই সঙ্গে আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারির কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন। তাই দেশবাসীর আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন: কেএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তা বদলি

শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন। তাদের দাবি-দাওয়া উপস্থাপন করা পর্যন্ত আন্দোলন যৌক্তিক। তবে এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

এসআরবির এই কর্মকর্তা জানান, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি স্থানীয় জনগণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনেক ক্ষেত্রে সাহসী নাগরিকরা নাশকতায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।

জনগণের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, কারও কাছে নাশকতাসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সবার সহযোগিতায় এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।