বইমেলা পরিচালনা কমিটি নিয়ে প্রকাশকদের প্রতিবাদ, পুনর্গঠনের দাবি
অমর একুশে বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি গঠন নিয়ে বাংলা একাডেমির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সৃজনশীল প্রকাশকরা। প্রকাশকদের বিদ্যমান দুটি সমিতির সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় ছাড়াই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। একই সঙ্গে পরিচালনা কমিটি পুনর্গঠন, প্রকাশকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রকাশকদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোকে উপেক্ষা করে বইমেলার মতো গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজনের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা একাডেমির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং প্রকাশনা শিল্পের অংশীজনদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আরও পড়ুন: মঈনুল রনি’র একগুচ্ছ কবিতা
বিবৃতিতে আরও বলা হয়, বাংলা একাডেমি ইতিমধ্যে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারি থেকে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রকাশকদের অভিযোগ, বিশেষ একটি মহলকে সন্তুষ্ট করতে এবং বইমেলার দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষুণ্ন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত কয়েকজন প্রকাশকের রাজনৈতিক ভূমিকা নিয়েও আপত্তি জানিয়েছেন বিবৃতিদাতারা। তাঁদের অভিযোগ, ওই ব্যক্তিদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে ভূমিকা পালন, জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং আওয়ামী রাজনৈতিক বয়ান প্রচারের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: বরষামূখর সন্ধ্যায় চিয়ার্স উইথ ব্রাত্য রাইসু
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময়ের রাজনৈতিক দমন-পীড়নে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক পরিসর সংকুচিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাংস্কৃতিক অঙ্গনে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মুক্তচিন্তার পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু কোনো কোনো মহলের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বলয়ের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তাঁরা মনে করছেন।
প্রকাশকদের মতে, অমর একুশে বইমেলা কোনো রাজনৈতিক মতাদর্শের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। এটি লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের সম্মিলিত সৃজনশীলতার জায়গা। তাই পরিচালনা কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাঁদের ভূমিকা ও কার্যক্রম বইমেলার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে বাংলা একাডেমির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অমর একুশে বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রকাশকদের বিদ্যমান দুটি সমিতির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং প্রকাশনা শিল্পের প্রকৃত অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন, বাংলা একাডেমি বইমেলার মর্যাদা, গ্রহণযোগ্যতা ও সর্বজনীনতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে লেখক, প্রকাশক ও পাঠকের সম্মিলিত অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক বইমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।





