১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কান্ট্রি গেমসে অংশগ্রহণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

আরও পড়ুন: বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এর আগে রোববার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ছাড়াও সুনামগঞ্জের আরও তিন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে সুনামগঞ্জ জেলা প্রশাসন প্রস্তুতি শুরু করেছে।

আরও পড়ুন: নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমসে অংশ নেবেন। এ সময় তিনি ঐতিহ্যবাহী কুস্তিসহ বিভিন্ন খেলাধুলা উপভোগ করবেন এবং অনুষ্ঠানে বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন বলে নিশ্চিত করা হয়েছে। তিনি জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা উপভোগ করবেন। একই সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন। ঐতিহ্যবাহী কুস্তিসহ কান্ট্রি গেমস উপভোগ করতেই তিনি সেখানে আসছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজনের প্রস্তুতি হিসেবে রোববার বিকেলে ক্রীড়া মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সুনামগঞ্জবাসী প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।