কিশোরীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে মামলা

Shahrier Islam Pallab
রায়হান পারভেজ, শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকার মো. সাদিকুর রহমান (২৭), তাঁর বাবা মো. আবু বক্কর সিদ্দিক (৫৮) এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। সাদিকুর রহমান শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে সাদিকুর রহমান ওই কিশোরীকে প্রায়ই প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতেন। এতে রাজি না হলে অপহরণের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করা হয়েছে এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে শেরপুর পৌর এলাকার নিজ বাড়ির সামনে থেকে সাদিকুর তাঁর বাবাসহ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে যান। এ সময় ১০ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও পোশাকও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

এজাহার অনুযায়ী, পরবর্তীতে মেয়েকে ফেরত চাইলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়। পরে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ জানায়, অপহরণ ও এতে সহায়তার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় শেরপুর থানায় মামলা (নম্বর-২৩) রুজু হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।