যুব সচিব ও এসডি সচিব পর্যায়ে ব্যাপক রদবদল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৭ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। ছয় মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি দুই সচিবকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দপ্তরপ্রধান পদে পদায়ন, দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব প্রদান এবং একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এ ছাড়া একজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একাধিক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীরকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মন্ত্রণালয়টির সচিব মাহবুব উল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে ওএসডি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি, পদোন্নতি ও পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।