পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার মাসুদ (১৮) এ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এর আগে মামলার প্রধান আসামি ও ভুক্তভোগী নারীর সাবেক স্বামী আনারুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে পূর্বধলা থানার কান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক ও মিডিয়া অফিসারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস
মামলার সূত্রে জানা যায়, নেত্রকোনার বাসিন্দা আনারুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। পরে দাম্পত্য কলহের জেরে তাঁদের বিচ্ছেদ ঘটে। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় কথা বলার অজুহাতে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন আনারুল। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাঁকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আনারুল ও তাঁর সহযোগীরা তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ৩১ ডিসেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার
এর আগে গত ৪ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা থানার চেঁচিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আনারুল ইসলামকে গ্রেপ্তার করে এসআরবি-১৪-এর একটি দল।





