ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:২১ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ কার্যক্রম দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার ওপর নির্ভর করছে।

এদিকে, ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: সাড়ে ৪ ঘণ্টায় ১৩স্পটে আকস্মিক পরিদর্শন, অ্যাকশনে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ চলাচল রোববার পর্যন্ত বহাল থাকবে। আগামী ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালিত হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ফ্লাইটের হালনাগাদ সময়সূচি, টিকিট ও বুকিং-সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।