দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও চাল বিতরণ
শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও চালের ডিও বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: তুলির আঁচড়ে সাজছে রাজশাহী নগরী, চলছে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও–দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল নাঈমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি), রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। সমাজের প্রতিটি মানুষের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে পড়ুক। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
তিনি আরও বলেন, উৎসবের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো সামাজিক ও মানবিক দায়িত্ব।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।





